সড়ক ও জনপথ অধিদপ্তরে দুদকের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক ও জনপথ অধিদপ্তরে দুদকের অভিযান। ছবি: সংগৃহীত
সড়ক ও জনপথ অধিদপ্তরে দুদকের অভিযান। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয় ও বনানীর ঢাকা বিভাগীয় কার্যালয়ে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ঘুষ লেনদেন ও হয়রানির অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সহকারী পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ছিলেন উপসহকারী পরিচালক সোমা হোড়সহ ৩ সদস্যের একটি দল।

দুদক জানায়, কমিশনের অভিযান কেন্দ্রের হটলাইনে ( ১০৬) অভিযোগ আসে, সড়ক ও জনপথ অধিদপ্তরে ঠিকাদারি বিল নিয়ে গেলে ঘুষ ছাড়া পাস করা হয় না। ঘুষ ছাড়া বিল উত্থাপন করলে নানাভাবে হয়রানি করা হয়। অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে সড়ক ও জনপথ অধিদপ্তরে অভিযান চালায় দুদক এনফোর্সমেন্ট দলের সদস্যরা।

অভিযান চলাকালে দুদক সদস্যরা সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানের সঙ্গে অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সম্প্রতি বিল পরিশোধের সফটওয়্যারের আপগ্রেডেশন কার্যক্রম চলমান থাকায় বিল পরিশোধে দেরি হচ্ছে।’ নিয়োগ ও বদলি বাণিজ্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি অবগত নই, তবে তদবির হয় এবং তদবিরের পেছনে কেউ ঘুষ বিনিময় করলে আমাদের এ ব্যাপারে করণীয় নেই।’

এ সময়ে দুদক দলের সদস্যরা গত ৫ বছরে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নেওয়া বিভাগীয় তদন্ত কার্যক্রমের ব্যবস্থা সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের বনানীর ঢাকা বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে বিল পরিশোধের আবেদনপত্র খতিয়ে দেখে দুদকের দলটি। বিল পরিশোধে দেরি হওয়ার কারণ নিয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন এবং দ্রুত বিল পরিশোধের তাগিদ দেন।

অভিযান প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ বলেন, ‘ঠিকাদারি বিল বা অন্য যে কোনো বিল পরিশোধে স্বচ্ছতা ও জবাবদিহি আবশ্যক। এ ক্ষেত্রে কোনো কর্মকর্তা যদি ঘুষ দাবি করেন এবং ভুক্তভোগীরা ঘুষ দেওয়ার আগেই যদি দুদকে অভিযোগ জানান, তাহলে ঘুষ গ্রহণকারীদের আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার ম্যান্ডেট দুদকের রয়েছে।’