সড়ক ও জনপথ বিভাগের কর্মীদের ছুটি বাতিল: সেতুমন্ত্রী

ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহাসড়ক পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিয়ে এখন মাথা ব্যথা। সেজন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। এ লক্ষ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে। ঈদের দিন ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী ও কর্মরতদের ছুটি মঞ্জুর থাকবে। এছাড়া বাকি সময় তাদের রাস্তায় থাকতে হবে।
গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের জন্য ভোগান্তিতে পড়া যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।
চান্দনা চৌরাস্তায় মহাসড়ক পরিদর্শনকালে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্বাবধায়ক সবুজ উদ্দিন খানসহ সড়ক ও জনপথ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।