সড়ক ও নদীতে ডাকাতি
মেঘনা নদীর কিশোরগঞ্জের বাজিতপুর, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগরের মাঝামাঝি স্থানে গতকাল শুক্রবার একটি যাত্রীবাহী ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ট্রলারের যাত্রীদের কাছ থেকে সাড়ে চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের সদর উপজেলায় সড়কে ডাকাতি হয়েছে।
গতকাল সকাল সাতটার দিকে ৬০ জন যাত্রী নিয়ে কামাল পরিবহনের একটি ট্রলার হবিগঞ্জের লাখাই থেকে কিশোরগঞ্জের কুলিয়ারচরের উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ১০টার দিকে এটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দুবাজাল, নাসিরনগরের পিজ্জারকান্দি ও বাজিতপুরের আয়নারগোফ এলাকার মাঝামাঝি স্থান অতিক্রম করছিল। এ সময় ডাকাতেরা একটি ট্রলারযোগে এসে ট্রলারটির গতিরোধ করে। ট্রলারে উঠে তারা যাত্রীদের কাছ থেকে দু্ই লাখ টাকা, এক ভরি স্বর্ণালংকার, ৬৫টি মুঠোফোন সেট নিয়ে যায়।
ট্রলারের মালিক কামাল মিয়া বলেন, ডাকাতেরা ছিল ১২ জন। ঈদ মৌসুম হওয়ায় সব যাত্রীর কাছেই অন্য যেকোনো সময়ের চেয়ে একটু বেশি টাকা ছিল। তিনি দাবি করেন, নগদসহ সব মিলিয়ে সাড়ে চার লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, ‘আমাদের পুলিশ নদীতেই ছিল। আমাদের জলসীমায় ডাকাতি হলে জানতাম।’ নাসিরনগর থানার ওসি আবদুল কাদের জানান, এ জাতীয় কোনো খবর কেউ তাঁকে জানায়নি। বাজিতপুর থানার ওসি সুব্রত কুমার সাহা ডাকাতির ঘটনাটি শুনেননি বলে জানান।
গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার-অফিসেরবাজার সড়কের আজমেরু গ্রামের বিন্নার হাওরের কানাইখালি সেতুর কাছে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে একদল ডাকাত। এরপর তারা আট-দশটি সিএনজিচালিত অটোরিকশা, চার-পাঁচটি মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে। মৌলভীবাজার সদর থানার ওসি আব্দুছ ছালেক বলেন, এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।