সড়ক ও বাড়ি ঝুঁকিতে রেখে বালু তুলছেন নেতার ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ বাস টার্মিনালের পাশ থেকে সওজের জায়গায় ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি করছেন আওয়ামী লীগের এক নেতার ছেলে l ছবি: প্রথম আলো
ঝিনাইদহ বাস টার্মিনালের পাশ থেকে সওজের জায়গায় ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি করছেন আওয়ামী লীগের এক নেতার ছেলে l ছবি: প্রথম আলো

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কাছ থেকে মাছ চাষের চুক্তি করে পুকুর বন্দোবস্ত নিয়েছিলেন আওয়ামী লীগের এক নেতার ছেলে মমিনুর রহমান ওরফে খুশি৷ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এবার সেই পুকুর থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন তিনি৷
খুলনা-কুষ্টিয়া মহাসড়কের পাশ থেকে এভাবে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে বালু উত্তোলনের কারণে হাইওয়ে সড়ক ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ এ কারণে পাশের পৌর বাস টার্মিনালটিও ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছে পৌর কর্তৃপক্ষ৷
মমিনুর ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানের ছেলে৷
ঝিনাইদহ সওজ কার্যালয়ের প্রধান সহকারী নজরুল ইসলাম জানান, পৌর বাস টার্মিনালের পাশে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে সওজের পুকুরটি সাত-আট বছর আগে মাছ চাষের লক্ষ্যে তিন বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয়৷ তিন বছর আগে ওই বন্দোবস্তের মেয়াদ শেষ হয়৷ বর্তমানে ওই পুকুরটির সওজের তত্ত্বাবধানে রয়েছে৷
১৯ জুন বিকেলে সরেজমিনে দেখা যায়, পুকুর থেকে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে৷ স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিন মাস ধরে বালু তুলে স্তূপ করে রাখা হচ্ছে৷ কয়েকজন শ্রমিক জানান, ইতিমধ্যে শতাধিক ট্রাক বালু বিক্রি করা হয়েছে৷ বালুর চাহিদা থাকায় আরও একটি যন্ত্র বসানোর কাজ চলছে৷
পুকুরপাড়ের বাসিন্দারা জানান, বালু ওঠানোর কারণে ইতিমধ্যেই পাড় ধসে পড়তে শুরু করেছে৷ এভাবে চললে কিছুদিনের মধ্যে হাইওয়ে সড়ক, পৌর বাস টার্মিনালের কিছু অংশের সঙ্গে তাঁদের বাড়িঘরও ভেঙে পড়বে৷

খুলনা–কুষ্টিয়া মহাসড়কের পাশে বালুর স্তূপ l ছবি: প্রথম আলো
খুলনা–কুষ্টিয়া মহাসড়কের পাশে বালুর স্তূপ l ছবি: প্রথম আলো


সওজের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, পুকুরটির বন্দোবস্ত ছিল বলে তিনি শুনেছেন৷ কিন্তু বিস্তারিত কিছুই জানেন না৷ তবে মাছ চাষের জন্য বন্দোবস্ত নিয়ে কেউ বালু উত্তোলন করে বিক্রি করতে পারেন না৷ মহাসড়কের পাশ থেকে যন্ত্র দিয়ে বালু উত্তোলন করলে সড়ক ধসে পড়তে পারে৷ বিষয়টি তিনি দেখবেন বলে জানান৷
মমিনুর রহমান বলেন, তিনি বালু বিক্রি করছেন না৷ পুকুরটি মাছ চাষের উপযোগী করতে বালু তুলে জমা করে রাখছেন৷ তা ছাড়া মেশিন দিয়ে যতটুকু গভীর করে বালু তোলা হচ্ছে, তাতে মহাসড়ক বা পাশের বাড়িঘর ধসে পড়ার কোনো আশঙ্কা নেই৷ এখনো পুকুরটির বন্দোবস্ত রয়েছে৷
ঝিনাইদহ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা সাইদুল করিম বলেন, ক্ষমতার জোরে সবকিছু করা ঠিক নয়৷ ওই স্থানে যে কাজটি হচ্ছে, তাতে মহাসড়ক, বাস টার্মিনালসহ আশপাশের বাড়িঘরের ক্ষতি হবে৷ বিষয়টি নিয়ে কথা বলেও কোনো লাভ হয়নি৷