সড়ক কমে, ব্যয় বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হওয়ার কথা ছিল সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থ। ব্যয় ধরা হয়েছিল প্রায় ১৪ কোটি টাকা। এরই মধ্যে পেরিয়ে গেছে ১২ বছর। তিন দফা কাটছাঁট করে এখন হবে ২ দশমিক ৬৫ কিলোমিটার ও ৩০ ফুট। প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যয়ে মাত্র ৮০০ মিটারের কাজ ইতিমধ্যে হয়ে গেছে। আর বাকি অংশের জন্য ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি টাকা।
এ কাহিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সংযোগ সড়কের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর বগুড়ায় এসে সড়কটি বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। তারপরও দ্বারে দ্বারে ঘুরছে প্রকল্পটি।
২০০৪ সালে বগুড়া শহরের সিলিমপুর এলাকায় স্থাপিত হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল। তবে শহরের সাতমাথা থেকে সেখানে যাতায়াতের সরাসরি কোনো রাস্তা নেই। যেতে হয় স্টেশন সড়কের তিনমাথা অথবা শেরপুর সড়কের বনানী হয়ে প্রায় সাত কিলোমিটার ঘুরে।
সড়ক ও জনপথের (সওজ) বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, রেলস্টেশন-সেউজগাড়ী-মোহাম্মদ আলী হাসপাতাল হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে সহজে যাতায়াতের সুবিধার্থে ২০০৪ সালে ওই সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্য এবং ৬০ ফুট প্রস্থ রেখে নকশা চূড়ান্ত করে সওজ। তখন জমি অধিগ্রহণ, সড়কে মাটি কাটা, কার্পেটিংসহ মোট ব্যয় ধরা হয়েছিল ১৩ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকা। ওই বছরের ২৩ অক্টোবর সড়ক বিভাগ এবং ২০০৫ সালের ২ মে পরিকল্পনা কমিশন থেকে প্রকল্পটির অনুমোদন চূড়ান্ত হয়। প্রথমে ১ দশমিক ১২ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়; প্রায় ৮০০ মিটার অংশে মাটি কাটার কাজও শেষ হয়। কিন্তু পরবর্তী সময়ে প্রকল্পটি ঝুলে যায়।
সওজ সূত্র জানায়, ২০১১ সালে প্রকল্পটি বাস্তবায়নে পুনরায় প্রাক্কলন তৈরি করা হয়। তখন নকশা সংশোধন করে সড়কটির দৈর্ঘ্য ২ দশমিক ৬৮ কিলোমিটার এবং প্রস্থ ৩৫ ফুট করা হয়। ২০১৫ সালের জানুয়ারিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো প্রাক্কলনে প্রকল্পের
ব্যয় ধরা হয় ৭২ কোটি ৫১ লাখ টাকা। কিন্তু প্রকল্পটি একাধিকবার একনেকে ওঠার কথা থাকলেও আটকে যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১২ নভেম্বর বগুড়া সফরে আসেন। তখন তিনি প্রকল্পটি বাস্তবায়নের ঘোষণা দেন। এরপর ২০১৫-১৬ অর্থবছরে ২ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়, যা দিয়ে ওই ৮০০ মিটার অংশের কাজ শেষ হয়েছে।
সওজের বগুড়ার দপ্তর বলছে, আরেক দফা কাটছাঁটের মাধ্যমে নতুন প্রাক্কলন তৈরি করে গত অক্টোবরে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সড়কটির দৈর্ঘ্য ২ দশমিক ৬৫ কিলোমিটার এবং প্রস্থ ৩০ ফুট ধরা হয়েছে। ৮০০ মিটারের নির্মাণকাজ শেষ হওয়ায় বাকি আছে ১ দশমিক ৮৫ কিলোমিটার। এ অংশের জন্য জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ ও নির্মাণ মিলিয়ে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি টাকা।
সেই হিসাব ধরলে প্রকল্পের ব্যয় বেড়েছে ছয় গুণ। কিন্তু প্রথম নকশায় সড়কটির দৈর্ঘ্য ও প্রস্থ যা হওয়ার কথা ছিল, এখন হচ্ছে তার প্রায় অর্ধেক। সে হিসাবে ব্যয় বেড়েছে ২৪ গুণ।
সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত নকশার স্থানে অবকাঠামো গড়ে ওঠায় এবং জমির দাম বেড়ে যাওয়ায় প্রকল্পের ব্যয়ও বেড়েছে। এখন ৬৮ কোটি টাকাই ব্যয় হবে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণে। তিনি জানান, নিয়মানুযায়ী এখন প্রকল্পটি আন্তমন্ত্রণালয়ের বৈঠকে উপস্থাপিত হবে। এরপর পরিকল্পনা কমিশন হয়ে যাবে একনেকে। সেখানে অনুমোদন পেলে সড়কের বাকি অংশের কাজ শুরু হবে।
প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে উত্তরে মালগ্রাম মধ্যপাড়া ফসলি মাঠে গিয়ে ৮০০ মিটার সড়ক নির্মাণ শেষ হয়েছে। না জেনে অনেকে শহরে যাওয়ার জন্য এই সড়ক হয়ে রওনা দিচ্ছেন। কিন্তু সামনে কোনো রাস্তা না থাকায় ওই মাঠ থেকে ফিরে আসতে হচ্ছে। এদিকে মাত্র এক সপ্তাহ আগে কাজ শেষ হলেও এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে দুপাশে মাটির আচ্ছাদন ধসে গেছে।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম বলেন, নির্মাণ শেষ হওয়া সড়কের দুপাশের মাটি ধসে গেলেও তা সংশ্লিষ্ট ঠিকাদারকে দিয়ে মেরামত করিয়ে নেওয়া হবে।