সড়ক কেটে রাখায় পাঁচ গ্রামের মানুষের দুর্ভোগ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কংগাইশ-বেলঘর সড়কের এক কিলোমিটার অংশ ছয় মাস ধরে কেটে ফেলে রেখেছেন ঠিকাদার। মেয়াদ শেষ হওয়ার পরও তিনি নির্মাণকাজ শেষ করেননি। এতে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে হাটিলা পূর্ব ইউনিয়নের পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফুয়াদ আহসান প্রথম আলোকে বলেন, হাজীগঞ্জে চলমান বেশির ভাগ কাজ নির্ধারিত সময়ে শেষ হয়ে গেছে। শুধু এ সড়কের কাজটি শেষ হয়নি। মেসার্স নুর হোসেন ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৬৬ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণের কাজ পেয়েছে। গত ছয় মাসে সড়কটির কিছু কাজ শেষ করেছে। সঠিক সময়ে কাজ করলে দুই মাসে কাজ শেষ হতো। ইতিমধ্যে কাজের সময় শেষ হয়ে গেছে। ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল।
প্রকৌশলীর এই অভিযোগ ও কাজ ফেলে রাখার বিষয়ে ঠিকাদার ইউনুছ বলেন, ‘নির্মাণসামগ্রীর দাম বাড়ায় তিনি কাজটি করেননি। বিশেষ করে কাজের দরপত্রে এক হাজার ইটের মূল্য ধরা হয়েছে সাত হাজার টাকা, বর্তমান এর মূল্য সাড়ে ১০ হাজার টাকা। এ কাজটি শেষ করলে আমার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হবে। তারপরও শিগগিরই কাজটি শুরু করা হবে।’
সরেজমিনে দেখা গেছে, হাটিলা গ্রামের মুন্সিবাড়ি থেকে হাড়িয়াইন গ্রামের কোনার বাড়ি পর্যন্ত সড়কটির ওপর থেকে দুই ফুট মাটি কেটে নেওয়া হয়েছে। ঠিকাদার ওই অংশে বালু এবং সড়কে পাশে ইটের খোয়া ফেলে রেখেছেন। সড়কের বিভিন্ন স্থানে পানি জমে আছে। সড়ক দিয়ে ছয় মাস ধরে কোনো যানবাহন চলতে পারে না।
হাটিলা গ্রামের বাসিন্দা আমেরিকাপ্রবাসী মোবারক হোসেন বলেন, ‘মাসখানেক হয়েছে ছুটিতে বাড়িতে এসেছি। এর মধ্যে এক দিনও ঠিকাদারকে কাজ করতে দেখিনি। কোনো কর্মকর্তাকে রাস্তাটি পরিদর্শনে আসতে দেখিনি। মাসের পর মাস একটি রাস্তা কেটে জনগণকে দুর্ভোগে রাখা কোনো সভ্য দেশে সম্ভব নয়।’
সড়কে ছবি তোলার সময় লেয়াকত নামের একজন রিকশাচালক রিকশা নিয়ে গর্তে পড়ে যান। পরে ছোট ছোট তিনটি ছেলেকে নিয়ে গর্ত থেকে রিকশাটি টেনে তোলেন। লেয়াকত আলী বলেন, ছয় মাস ধরে সড়কটি গর্ত করে রাখা হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, এ সড়ক দিয়ে হাটিলা, হাড়িয়াইন, বেলঘর, পদুয়া ও টংগীরপাড় গ্রামের মানুষ চলাচল করে। সড়কের ওপর হাড়িয়াইন আড়ং বাজার অবস্থিত। সড়কটি কাটার পর পাশের রাস্তাটি বাইপাস সড়ক হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু মাসখানেক আগে সেই রাস্তায় মাটি ফেলার কারণে তা বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে গেছে।
হাটিলা পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হালিম বলেন, সড়কটির কাজ দ্রুত শেষ করার জন্য প্রকৌশলীর কার্যালয়ে যেতে বহুবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জনগণ ভোগান্তির জন্য চেয়ারম্যান-মেম্বারদের গালিগালাজ করেন।
সড়কটির তত্ত্বাবধায়ক ও উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. শাহজাহান বলেন, কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। তিনি দ্রুত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁকে এখনো এক টাকাও দেওয়া হয়নি। কাজ শেষ না করলে তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।