সড়ক খাতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা
সড়ক-মহাসড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ-বিষয়ক ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা করেছে যোগাযোগ মন্ত্রণালয়। সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক গতকাল মঙ্গলবার এই মহাপরিকল্পনার অনুলিপি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করেন। এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্করসহ মহাপরিকল্পনা প্রণয়নে জড়িত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০০৪ সালে প্রণীত জাতীয় স্থল পরিবহন নীতিমালার আওতায় এই মহাপরিকল্পনা করা হয়েছে। এতে আর্থিক সহায়তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই মহাপরিকল্পনা তৈরিতে নয় মাস সময় লেগেছে।সওজের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০ বছরে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা কত হতে পারে, যানবাহন ও সড়কের চাহিদা কী হবে—এসব বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা হয়েছে। দেশের সব জাতীয় মহাসড়ককে দুই লেন থেকে চার লেনে উন্নীত করার সুপারিশ করা হয়েছে এই মহাপরিকল্পনায়। সওজের অধীনে বর্তমানে সারা দেশে প্রায় ২১ হাজার ২৭২ কিলোমিটার সড়ক আছে।