
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের একটি কাঁচা সংযোগ সড়ক পাকা করতে সেটির মাঝ বরাবর মাটি কেটে রেখে লাপাত্তা হয়েছেন ঠিকাদার। এরপর আট মাস ধরে ওই অবস্থায়ই পড়ে আছে রাস্তাটি। এতে দুই ইউনিয়নের নয়টি গ্রামের মানুষ ভোগান্তি পোহাচ্ছে। উপরন্তু, গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কটি চলাচলের একেবারেই অনুপযুক্ত হয়ে পড়েছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়নের দোয়ালীপাড়া থেকে দিগদারী মসজিদ (কাঠেরপুল) পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকা করার জন্য মাঝ বরাবর মাটি কেটে রাখা হয়েছে। এরপর গত কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে ওই মাটি কাদায় পরিণত হয়ে চলাচলের অনপযুক্ত হয়ে পড়েছে। লোকজন অতি কষ্টে চলাচল করছে।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুল ইসলাম বলেন, প্রায় এক বছর আগে সড়কটি পাকা করার জন্য নাগেশ্বরী এলজিইডি টেন্ডার ডাকে। ঠিকাদার আট মাস আগে পাকা করার জন্য রাস্তাটির মাঝখানে খুঁড়ে দুপাশে মাটির আইল বানিয়ে রেখে লাপাত্তা হয়েছেন। তিনি আরও বলেন, উপজেলা সদরে যাওয়ার একমাত্র সড়ক এটি। কালীগঞ্জ ও ভিতরবন্দ দুই ইউনিয়নের নয়টি গ্রামে মানুষ এই পথ দিয়ে আসা-যাওয়াসহ পণ্য আনা-নেওয়া করে।
বারাবানার ভিটা গ্রামের মাওলানা হজরত আলী বলেন, বৃষ্টিতে সড়কটি এত পিচ্ছিল হয় যে হেঁটে চলাচল করা যায় না। এ ছাড়া সর্বত্র পানি জমে কাদা হয়েছে।
ঝাকুয়াবাড়ীর রিকশাচালক সোলদাল আলী (৬৫) বলেন, ‘এই আস্তা (সড়ক) দিয়ে রিকশা চালা যায়? গেইলেও পেছন থাকি একজন ঠ্যালা নাগে।’
দোয়ালীপাড়ার কৃষক সহিদুল ইসলাম বলেন, কয়েক দিন পরই ধান কাটা শুরু হবে। এই সড়ক দিয়ে খেত থেকে ধান আনা ছাড়া বিকল্প কোনো পথ নেই।
ঝাকুয়াবাড়ী গ্রামের কাচ্ছু মিয়া বলেন, প্রতিদিন ওই পথ দিয়ে চলাচলকারী রিকশাচালক, সাইকেলচালক বা পথচারী কেউ না কেউ দুর্ঘটনার শিকার হন।
নাগেশ্বরী উপজেলা প্রকৌশল বিভাগ (এলজিআরডি) সূত্রে জানা যায়, নাগেশ্বরীর ভিতরবন্ধ হয়ে কালীগঞ্জ পর্যন্ত ৬৬৫ মিটার সড়কের টেন্ডার হয় ২০১৬ সালের এপ্রিল মাসে। কাজ পান আবদুল মতিন নামের এক ঠিকাদার। ওই বছরের ২ মে কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদার কাজ শুরু করেন ১১ মে।
উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর বলেন, ‘আমি বিষয়টি জানি। ইটের টেন্ডার-মূল্য আর বাজারমূলে৵র মধে৵ তফাত হওয়ায় ঠিকাদার কাজ করতে দেরি করছে। আমি ঠিকাদারকে তাগাদা দিতে দিতে হয়রান হয়ে কার্যাদেশ বাতিলের সুপারিশ করে নির্বাহী প্রকৌশলী স্যারকে চিঠি লিখেছি।’
এদিকে ঠিকাদারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, ঠিকাদারকে ডেকে কাজ শুরু করতে বলা হয়েছে। না হলে কার্যাদেশ বাতিল করা হবে বলে তাঁকে হুঁশিয়ার করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।