সড়ক খোঁড়া হলো মেরামত হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকশীবাজার এলাকায় কেটে  রাখার কারণে সড়কগুলো সংকুচিত হয়ে পড়েছে। ফলে যানজট  লেগেই আছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
বকশীবাজার এলাকায় কেটে রাখার কারণে সড়কগুলো সংকুচিত হয়ে পড়েছে। ফলে যানজট লেগেই আছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

নর্দমা তৈরি ও রাস্তা মেরামতের জন্য গর্ত খোঁড়া হলো। নর্দমা তৈরি হলো, কিন্তু রাস্তা আর মেরামত হলো না। মাসের পর মাস এসব খোঁড়া রাস্তা জনদুর্ভোগের উৎসে পরিণত হলো।
রাজধানীতে এ ধরনের অনেকগুলো রাস্তা রয়েছে। এর মধ্যে একটি বকশীবাজার এলাকার প্রধান সড়ক। প্রায় এক মাস আগে সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাস্তা খোঁড়ে। পয়োনিষ্কাশনব্যবস্থার জন্য আরসিসি বক্সও (পটহোল) তৈরি করা হয়। কিন্তু সে অবস্থাতেই ফেলে রাখা হয়। গতকাল শনিবার সকালের বৃষ্টির পর সেখানে যানবাহন চলাচলে প্রচণ্ড অসুবিধা হয়। খোঁড়া রাস্তা হয়ে পড়ে কর্দমাক্ত। এ অবস্থায় স্থানীয় বদরুন্নেসা বিশ্ববিদ্যালয় কলেজ ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়।
আরকে মিশন রোডে সেন্ট্রাল উইমেন কলেজের কাছে একটি রাস্তা জজ গলি নামে পরিচিত। মেরামতের জন্য ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষ ও যানবাহনের চলাচল বন্ধ রাখা হয় প্রায় তিন মাস আগে। বন্ধ রাখার পর কোনো ধরনের কাজ না করে ফেলে রাখা হয় তিন সপ্তাহের মতো। এরপর রাস্তা খুঁড়ে নর্দমা লাইন করা হয়। এ অবস্থায় ফেলে রাখা হয় দুই মাসের বেশি সময়। অবশেষে গত শুক্রবার গভীর রাতে রাস্তা ঢালাইয়ের কাজ শুরু করা হয়। মিক্সচার মেশিনের বিকট শব্দে এলাকাবাসী সারা রাত ঘুমাতে পারেননি বলে প্রথম আলোকে জানিয়েছেন। সেখানে একটি বহুতল ভবনের বাসিন্দা গুলজার হোসেন বলেন, সাহরির সময় উঠবেন বলে তাঁর পরিবারের সদস্যরা রাত সাড়ে ১১টার মধ্যে শুয়ে পড়েছিলেন। কিন্তু মেশিনের বিকট শব্দের কারণে সাহরির আগ পর্যন্ত কেউ দুচোখ এক করতে পারেননি। এলাকার কয়েকজন বাসিন্দা ক্ষোভ জানিয়ে বলেন, মাসের পর মাস রাস্তাটি বন্ধ করে রেখে গত শুক্রবার সারা রাত ঢালাইয়ের কাজ করা কতটা জরুরি ছিল, তাঁরা বুঝতে পারেননি।
একইভাবে পুরান ঢাকার ওয়াইজ ঘাটসহ অনেক এলাকায় রাস্তা খুঁড়ে রাখা হয়েছে।
যোগাযোগ করা হলে ডিএসসিসির প্রকৌশলী বিভাগ থেকে বলা হয়, বিভিন্ন এলাকায় নর্দমা নির্মাণ ও রাস্তা মেরামতের কাজ করছে বিভিন্ন ঠিকাদার। আর্থিক সমস্যার কথা বলে তাঁরা অনেক সময় কাজ ফেলে রাখেন। তাঁদের নিয়ন্ত্রণ করা করপোরেশনের পক্ষে অনেক সময় সম্ভব হয় না।