সড়ক খোঁড়াখুঁড়ির পর কাজ বন্ধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সদর উপজেলার পাগলাপীর–পানবাজার সড়কটির বেহাল। প্রায় আধা কিলোমিটার সড়কে খানাখন্দ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
রংপুর সদর উপজেলার পাগলাপীর–পানবাজার সড়কটির বেহাল। প্রায় আধা কিলোমিটার সড়কে খানাখন্দ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

দরপত্র হলো। কাজও শুরু হলো। প্রায় আধা কিলোমিটার সড়ক খোঁড়াখুঁড়িও করা হলো। এরপর থেকে কাজ বন্ধ। এই অবস্থা রংপুর সদর উপজেলার পাগলাপীর-পানবাজার সড়কের। বেহাল এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) রংপুর সদর উপজেলা কার্যালয় সূত্র জানায়, রংপুর সদরের পাগলাপীর থেকে পানবাজার পর্যন্ত দুই কিলোমিটার সড়কের সংস্কারে গত বছরের ২৯ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়। পরে ৩৩ লাখ টাকার এই কাজ পান ঠিকাদার আতাউজ্জামান। তিনি মে মাসে সড়কের উত্তর দিকের অংশ থেকে সংস্কারকাজ শুরু করেন। কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ৩০ জুনের মধ্যে। কিন্তু ধীরগতির কারণে যথাসময়ে কাজ শেষ করতে পারেননি ঠিকাদার। এই কাজের জন্য ঠিকাদারকে কোনো অর্থও দেওয়া হয়নি।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, ওই সড়কের পাগলাপীর বন্দরে প্রায় আধা কিলোমিটার সড়কজুড়ে খানাখন্দ। বৃষ্টির পানি জমে সড়কটি হয়েছে বেহাল। সড়কের গর্তগুলোর কারণে যানবাহন চলাচলে ঝুঁকির মধ্যে পড়ছে। একটি-দুটি করে কোনোরকমে ব্যাটারিচালিত অটোরিকশাসহ মোটরসাইকেল চলতে দেখা যায়। এ সময় কথা হয় অনেকের সঙ্গে। ব্যাটারিচালিত অটোরিকশাচালক শহিদুল ইসলাম বলেন, ‘এখন ভাঙা রাস্তার চেয়ে আগের কম ভাঙা ভালো ছিল। এলা হামার বেশি কষ্ট হইছে।’
সিয়াম লাইব্রেরির স্বত্বাধিকারী মফিজুল ইসলাম বলেন, ‘আগের রাস্তা কিছুটা ভাঙা ছিল। এখন সংস্কার করতে গিয়ে রাস্তার কিছুটা অংশ পুরোটাই খারাপ করে রাখা হয়েছে, যা ভালো করার লক্ষণও দেখা যাচ্ছে না।’
মনিহারি দোকানের স্বত্বাধিকারী হাসানুর রহমান বলেন, বৃষ্টি হলে কাদা-পানিতে একাকার হয়ে যায়। পায়ে হাঁটাও যায় না।
স্থানীয় হরিদেবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘এলাকার জনগণের চাপে আমি ওই সড়ক দিয়ে চলাচলও করতে পারি না। আর করলেও প্রতিরোধের মধ্যে পড়তে হয়। এই কাজটি এলজিইডির। দরপত্র অনুযায়ী ঠিকাদার কাজও শুরু করেছিলেন। কিন্তু তা অনেক দিন থেকে বন্ধ রয়েছে। তবে এই বেহাল সড়ক জরুরি ভিত্তিতে নির্মাণ হওয়া প্রয়োজন।’
তবে ঠিকাদার আতাউজ্জামান বলেন, ‘যথাসময়ে কাজ শেষ করতে না পারায় পরে বৃষ্টির সময় চলে এলে কাজ বন্ধ রেখেছি। তা খুব শিগগির শুরু করব।’
সদর উপজেলা প্রকৌশলী সফিউর রহমান বলেন, ঠিকাদার প্রায় আধা কিলোমিটার সড়কের কাজ শুরু করলেও পরে তা আর করেননি। তাঁকে কোনো অর্থ প্রদানও করা হয়নি। এই কাজের জন্য ঠিকাদারের জামানতের টাকাও এখনো সরকারি কোষাগারে রয়েছে।