সড়ক ঘেঁষে করাতকল নির্বিকার প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ব্যস্ত বিভিন্ন সড়ক ঘেঁষে অবৈধভাবে গড়ে উঠেছে দুই শতাধিক করাতকল। এ কারণে যানবাহনের চালক, যাত্রীসহ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অথচ ১৯৯৮ সালের করাতকল (লাইসেন্স) বিধিমালা অনুযায়ী, করাতকল স্থাপনে বন বিভাগে আবেদন করতে হবে। জনবসতিপূর্ণ এলাকা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এমন জায়গায় করাতকল স্থাপন করা যাবে না।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলার বিভিন্ন সড়ক ঘেঁষে দুই শতাধিক করাতকল রয়েছে। এর মধ্যে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের বাঁধের মাথা, চাপাদহ, কুপতলা, লক্ষ্মীপুর, গাইবান্ধা-সাঘাটা সড়কের ত্রিমোহিনী, বাদিয়াখালী, বোনারপাড়া, গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের খানকা শরিফ, সাহারবাজার এবং গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় করাতকলের সংখ্যা তুলনামূলক বেশি। বিশেষ করে জেলা শহরের সাদুল্যাপুর রোড, ব্রিজ রোড, ফলিয়া রোড ও গোডাউন রোডে করাতকলের ব্যবসা এখন জমজমাট।
সাদুল্যাপুর রোডের স্কুলশিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, রাস্তা দিয়ে চলার সময় বাতাসে কাঠের গুঁড়া উড়ে চোখে এসে পড়ে।
শহরের ব্রিজ রোড এলাকার বাসিন্দা অশোক সাহা বলেন, দিনরাত করাতকলে কাজ চলায় কাঠের গুঁড়া বাতাসে উড়ে চলন্ত যানবাহনের চালক ও পথচারীদের চোখে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। সেই সঙ্গে সড়ক ঘেঁষে করাতকলগুলোর কাঠ ও গাছের গুঁড়ি রাখায় সড়কগুলোও সংকুচিত হয়ে পড়ছে।
সদর উপজেলার ত্রিমোহিনী এলাকার কাঠ ব্যবসায়ী ও করাতকল মালিক সালাম মিয়া বলেন, ‘সড়কের পাশে করাতকল থাকলে পরিবেশ দূষিত হয় কি না, আমার জানা নেই। তবে যোগাযোগব্যবস্থার সুবিধার জন্য এভাবে ব্যবসা করা হচ্ছে।’
সদর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ শফিউল আলম প্রধান বলেন, কণাজাতীয় কাঠের এই গুঁড়া চোখের রেটিনার মারাত্মক ক্ষতি করে। এতে চোখ নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে।
গাইবান্ধা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক ওয়াজিউর রহমান অভিযোগ করেন, জনগণের ক্ষতি হচ্ছে জেনেও স্থানীয় প্রশাসন এসব করাতকল উচ্ছেদে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান বলেন, বন বিভাগের কাছে অবৈধ করাতকলের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পাওয়া গেলে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।