সড়ক ঘেঁষে ময়লার স্তূপ, মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর পৌরসভার ময়লা আবর্জনার ভাগাড় সড়কের পাশে। নাকে কাপড় দিয়ে চলতে হয় পথচারীদের। গত বৃহস্পতিবার শহরের ধানুকা এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
শরীয়তপুর পৌরসভার ময়লা আবর্জনার ভাগাড় সড়কের পাশে। নাকে কাপড় দিয়ে চলতে হয় পথচারীদের। গত বৃহস্পতিবার শহরের ধানুকা এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

সড়কের পাশে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। কাপড়ে নাক ঢেকে চলছে পথচারীরা। শরীয়তপুর জেলা শহরের ধানুকা এলাকায় সরকারি কলেজের পাশের প্রতিদিনের চিত্র এটি।
পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে শরীয়তপুর পৌরসভা গঠিত হয়। ২৫ বর্গ কিলোমিটারের এ পৌরসভা ২০০৫ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। পৌর এলাকায় ১১ হাজার পরিবারে ৬২ হাজার মানুষের বসবাস। পৌরসভায় ২৫ জন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। কিন্তু শহরের ময়লা-আবর্জনা ফেলার জন্য পৌরসভার কোনো নির্দিষ্ট স্থান নেই। এর ফলে প্রতিদিন দুটি ট্রাক ও ১০টি ট্রলিতে ভরে ময়লা এনে শরীয়তপুর সরকারি কলেজের কাছে শরীয়তপুর-মাদারীপুর সড়কের পাশে ফেলছেন পরিচ্ছন্নতাকর্মীরা। পাশাপাশি আঙ্গারিয়া খাদ্যগুদামের পাশে, আঙ্গারিয়া মধ্যবাজার খালে, আঙ্গারিয়া বাগচি বাজার, পালং উত্তর বাজার ও রাজগঞ্জ খালে ময়লা-আবর্জনা ফেলা হয়।
পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক কুদ্দুস পাহাড় বলেন, শরীয়তপুর সরকারি কলেজের কাছে সড়কের পাশে একটি ডোবা রয়েছে। সেটি ভরাট করার জন্যই ওই স্থানে ময়লা ফেলা হয়।
তবে এলাকাবাসী বলছেন, উদ্দেশ্য যা-ই হোক না কেন, আবাসিক একটা এলাকায় এভাবে ময়লা ফেলায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ধানুকা এলাকার বাসিন্দা শফিকুর রহমান বলেন, একটি আবাসিক এলাকায় এভাবে ময়লা-আবর্জনা ফেলা মোটেও ঠিক নয়। ময়লা-আবর্জনা থেকে এলাকায় জীবাণু ছড়াচ্ছে। মশা-মাছি পোকামাকড় জন্ম নিচ্ছে।
শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী জেসমিন সুলতানা বলেন, ‘প্রতিদিন এ রাস্তা দিয়ে আমাদের কলেজে যাতায়াত করতে হয়। রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তূপ থেকে উৎকট দুর্গন্ধ ছড়ায়। ফলে ওই স্থান দিয়ে যাওয়া কষ্টকর।’
কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন বলেন, ‘ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়ার জন্য আমি পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’
পৌরসভা কর্তৃপক্ষ বলছে, তারাও এভাবে এলাকাবাসীকে কষ্ট দিতে চায় না। কিন্তু বিকল্প জায়গা না পাওয়ায় কিছুই করা যাচ্ছে না।
পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শহরের ময়লা-আবর্জনা ফেলার জন্য বিকল্প জায়গা খোঁজা হচ্ছে। নতুন জায়গা না পাওয়া পর্যন্ত পৌর নাগরিকদের একটু কষ্ট সহ্য করতে হবে।