সড়ক চওড়া করতে কবরস্থান হস্তান্তর
উত্তরা ৪ নম্বর সেক্টরে শাহজালাল অ্যাভিনিউ সড়কটি প্রশস্ত করার প্রয়োজনে আমিন উদ্দিন গং ওয়াকফ স্টেটের তত্ত্বাবধানে পরিচালিত একটি পারিবারিক কবরস্থান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছে হস্তান্তর করা হয়েছে। এর ফলে শাহজালাল অ্যাভিনিউয়ের প্রশস্ততা প্রায় ৪০ ফুট বাড়বে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, উত্তরার ৪ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের পানিনিষ্কাশনের নালা, ফুটপাত ও সড়ক উন্নয়ন এবং শাহজালাল অ্যাভিনিউতে সড়ক বিভাজক নির্মাণসহ ফুটপাত ও সড়ক উন্নয়নকাজ চলছে। শাহজালাল অ্যাভিনিউতে আমিন উদ্দিন গং ওয়াকফ স্টেটের তত্ত্বাবধানে পরিচালিত সরকার পরিবারের একটি পারিবারিক কবরস্থান ছিল। প্রায় ১৬ শতাংশ (১০ কাঠা) আয়তনের পারিবারিক কবরস্থানটি জনসাধারণের চলাচলের সুবিধার্থে সরকার পরিবারের পক্ষ থেকে ডিএনসিসির কাছে হস্তান্তর করা হয়েছে।
এই কবরস্থান স্থানান্তরের আগে সড়কটির প্রশস্ততা ছিল ৬০ ফুটের মতো। কবরস্থান স্থানান্তরের ফলে তা প্রায় ১০০ ফুটে দাঁড়াবে বলে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।