>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
জামালপুর পৌরসভার ডাকপাড়া-চৌরাস্তা সড়কের দৈর্ঘ্য আড়াই কিলোমিটার। শহরে ঢোকার গুরুত্বপূর্ণ সড়কটির গত তিন বছরে কোনো সংস্কার হয়নি। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে একাকার। এরই মধ্যে হেলেদুলে চলে বিভিন্ন যানবাহন। গর্তের মধ্যে যানবাহন আটকে প্রায়ই যান চলাচল বন্ধ হয়ে যায়।
পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ডাকপাড়া-চৌরাস্তা সড়কটি দিয়ে প্রতিদিন পৌর শহরের ডাকপাড়া, লাঙ্গলজোড়া, বানিয়াবাজার এলাকার প্রায় ১০ হাজার বাসিন্দা চলাচল করে। স্কুল-কলেজে যাতায়াত করে কয়েক শ শিক্ষার্থী। জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর স্থলবন্দর থেকে পাথরবোঝাই ট্রাক ও শেরপুর জেলার বিভিন্ন যানবাহন জামালপুর পৌর শহরে ঢুকতে এ সড়ক ব্যবহার করে থাকে। সড়কটি সর্বশেষ ২০১১ সালে কার্পেটিং করা হয়। গত তিন বছরে এ সড়কের কোনো সংস্কার না করায় এটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, বানিয়াবাজার মোড় থেকে ডাকপাড়া সড়কে ঢুকতেই বড় বড় গর্ত। কোথাও পিচ নেই, ইটের খোয়া বেরিয়ে আছে। কয়েকটি স্থানে বৃষ্টির পানি জমে রয়েছে। পাথর ও বালুবোঝাই ট্রাক, পিকআপ ভ্যান, যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, ব্যাটারিচালিত অটোরিকশা, নছিমন, ভটভটিসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন চলাচল করছে।
ডাকপাড়া এলাকার বাসিন্দা ও বানিয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বলেন, বকশীগঞ্জ ও শেরপুর জেলার যোগাযোগ ব্যবস্থার জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। কিন্তু তিন বছর ধরে সড়কটি মেরামত করা হয়নি। সড়কের দুই পাশে পানিনিষ্কাশনের কোনো নালা নেই। সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। যানবাহন তো দূরের কথা, পথচারীদের হাঁটারও উপায় থাকে না। এলাকাবাসী সড়কটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানালেও পৌর কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। তিনি জানান, সম্প্রতি একটি পাথরবোঝাই ট্রাক উল্টে কয়েকজন গুরুতর আহত হন। সড়কে ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে।
ডাকপাড়া এলাকার বাসিন্দা সানু বেগম বলেন, তিন বছর ধরে সড়কটির এমন অবস্থা। কিন্তু কারও চোখে পড়ছে না। সামান্য বৃষ্টি হলে ঘর থেকে বের হওয়া যায় না। ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যেতে পারে না। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।
জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম বলেন, ‘সড়কটির বেহাল অবস্থার কথা শুনে সরেজমিনে পরিদর্শন করেছি। পৌরসভার পক্ষ থেকে কয়েকবার বড় বড় গর্তে ইটের খোয়া ফেলা হয়েছিল। সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল করায় দ্রুত আবার আগের মতো হয়ে যায়। অল্প সময়ের মধ্যে সড়কটি আবারও চলাচল উপযোগী করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে পুরো সড়কের দুপাশে পানিনিষ্কাশনের জন্য নালার ব্যবস্থা ও সড়কের অবকাঠামোগত উন্নয়ন করা হবে।