বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি তেজগাঁও এলাকার ট্রাক-কাভার্ড ভ্যান টার্মিনালের জায়গাটি স্থায়ীভাবে বরাদ্দের দাবি জানিয়েছে। বিনিময়ে টার্মিনালের পাশের দুটি সড়ক যানজটমুক্ত করে দেওয়ার আশ্বাস দেন সমিতির নেতারা।
গতকাল সোমবার সকালে তেজগাঁওয়ে সংগঠনের কার্যালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খানের সঙ্গে মতবিনিময় সভায় সমিতির নেতারা এ দাবি জানান। আর তা বিবেচনার আশ্বাস দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, রেলওয়ের অবকাঠামোগত কিছু প্রকল্প চূড়ান্ত হলে তেজগাঁওয়ে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণ করা হবে।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তেজগাঁও ট্রাক টার্মিনালের পাশে সাতরাস্তা এবং সিএসডি খাদ্যগুদাম থেকে ১ নম্বর রেলগেট পর্যন্ত দুটি সড়কের ওপর অবৈধভাবে ট্রাক রাখা বন্ধ করা হয়েছিল। ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর পর সড়ক দুটি আবার অবৈধভাবে ট্রাক টার্মিনালে পরিণত হয়। এ ছাড়া এর পাশে থাকা রেলওয়ের জমি দখল করে দীর্ঘদিন ধরেই টার্মিনাল হিসেবে ব্যবহার করে আসছেন ট্রাক-কাভার্ড ভ্যান-মালিকেরা। বিভিন্ন সময়ে মন্ত্রী-সাংসদদের দাওয়াত দিয়ে জমিটি ট্রাক টার্মিনাল হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছেন তাঁরা। এতে কাজ না হলেও প্রায় ২৫ বিঘার এই জমিটি দখলে রেখেছে মালিক সমিতি।
মালিক সমিতির প্রভাবের কারণে একাধিকবার উদ্যোগ নিয়েও রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধ দখল থেকে জমি উদ্ধার করতে পারেনি। উপরন্তু রেলওয়ের জায়গার পাশাপাশি জনসাধারণের চলাচলের সড়ক দখল করে ট্রাক রাখা শুরু করে তারা। এ কারণে প্রতিদিনই এখানে যানজট লেগে থাকে।
একাধিক ট্রাকমালিক জানান, রেলওয়ের জমির একাংশ নিজের দাবি করে ভুয়া দলিলও সংগ্রহ করেছিলেন ট্রাক মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন। অবশ্য এই প্রক্রিয়ায় অন্য ট্রাকমালিকেরা বাদ সাধার কারণে জমি নিজের দখলে নিতে পারেননি তিনি।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির আহ্বায়ক মো. রুস্তম আলী খান বলেন, উপায়হীন হয়ে এই সড়ক দুটিতে ট্রাক রাখতে হচ্ছে। কারণ, রেলওয়ের জমির যেখানটা টার্মিনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটি অসমতল।
সমিতির নেতাদের দাবি, জুলাই মাসে এবারের রোজার ঈদের ১০ দিন আগে প্রশাসনের সহায়তায় সড়ক দুটি তাঁরা যানজটমুক্ত রেখেছিলেন।