সড়ক জুড়ে বড় বড় গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বধলা-নেত্রকোনা সড়কের প্রায় সব স্থানেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সেই সঙ্গে সরে গেছে সড়কের দুই পাশের মাটি। এ কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলছে বাস, ট্রাকসহ অসংখ্য যানবাহন। ২০-৩০ মিনিটের এ সড়ক পাড়ি দিতে সময় লাগছে অন্তত এক ঘণ্টা। এ কারণে পূর্বধলা ও সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নারায়ণডহর, জামতলা, মহাদেবপুর, কুমড়ি ও বর্শিকুড়া এলাকায় সড়কের পুরো কার্পেটিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। নারায়ণডহর গ্রামের হাদিউল ইসলাম বলেন, গাড়ির একপাশের চাকা যখন গর্তে পড়ে, তখন মনে হয়, এই বুঝি উল্টে যাবে। পূর্বধলা টেম্পোচালক সমিতির সভাপতি মো. রাশিদ মিয়া বলেন, এ সড়ক দিয়ে চলার অল্প কয়েক দিন পরই গাড়িগুলো লক্কড়ঝক্কড় হয়ে যাচ্ছে। নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল হোসেন বলেন, সড়কটির প্রস্থ বাড়িয়ে নতুন করে সংস্কার করতে হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।