সড়ক ঝুঁকিতে ফেলে পুকুর থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও পৌর এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশের পুকুর থেকে শ্যালো ইঞ্জিন বসিয়ে বালু তোলা হচ্ছে। এতে সড়কটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা শহরের আর্ট গ্যালারি মোড়ের বাসস্ট্যান্ডের পূর্ব পাশে একটি আঞ্চলিক সড়ক আছে। এ সড়ক দিয়ে জেলার চারটি উপজেলার (বালিয়াডাঙ্গী, রানিশংকৈল, হরিপুর ও পীরগঞ্জ) মানুষ যাতায়াত করে। সড়কটির ১৫ ফুট দূরে একটি পুকুর আছে। শৌখিন মৎস্য শিকারি সমিতি নামে একটি সংগঠন বন্দোবস্ত নিয়ে এ পুকুরে মাছ চাষ করছে।২৫ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, ওই পুকুরে শ্যালো ইঞ্জিন বসিয়ে বালু তোলা হচ্ছে। বালু তোলায় ব্যস্ত আবু বকর নামের এক শ্রমিক জানান, পুকুরে ১০-১২ ফুট গভীর গর্ত করে বালু তোলা হচ্ছে। পুকুরের সব বালু তুলতে এক মাসের বেশি সময় লাগবে। শৌখিন মৎস্য শিকারি সমিতির লোকজন বালু তুলছেন।ঠাকুরগাঁও পৌরসভার সাবেক চেয়ারম্যান আকবর হোসেন বলেন, জেলা শহরের সঙ্গে চারটি উপজেলার যোগাযোগের একমাত্র সড়ক এটি। ওই সড়কসংলগ্ন পুকুর থেকে যন্ত্র দিয়ে এভাবে বালু তোলা অব্যাহত থাকায় এটি ধসে পড়তে পারে। কয়েক দিনের সামান্য বৃষ্টিতেই সড়কের পাড় ভেঙে যেতে শুরু করেছে।শৌখিন মৎস্য শিকারি সমিতির সাধারণ সম্পাদক কাদিউর রহমান বলেন, দীর্ঘদিন খনন না করায় পুকুরটি পলি জমে ভরাট হয়ে যাচ্ছে। মাছও খুব একটা বড় হয় না। তাই যন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। তিনি দাবি করেন, বালু তোলায় সড়কের কোনো ক্ষতি হবে না।সড়ক ও জনপথ (সওজ) ঠাকুরগাঁও কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, শ্যালো ইঞ্জিন বসিয়ে সড়কের পাশ থেকে বালু তোলা হলে এটি ধসে পড়ার আশঙ্কা থাকে। তবে তাৎক্ষণিকভাবে তা বোঝা যায় না। খোঁজ নিয়ে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এস এম এ মঈন বলেন, ‘পুকুর থেকে বালু তোলার বিষয়ে শৌখিন মৎস্য শিকারি সমিতির সদস্যরা মৌখিকভাবে আমাকে জানিয়েছিলেন। তবে গুরুত্বপূর্ণ সড়কের পাশে গর্ত করে বালু তোলা হলে সড়কটি হুমকিতে পড়তে পারে। তাদের নিষেধ করে দেওয়া হবে।’