সড়ক থেকে চাঁদ আলীর নামফলক অপসারণ
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর এলাকায় স্বাধীনতাবিরোধী চাঁদ আলী শিকদারের নামে একটি সড়কের ফলক ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া মুছে দেওয়া হয়েছে বিনোদপুর ডিগ্রি কলেজের একটি ভবনে থাকা তাঁর নাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন হোসেনের নেতৃত্বে গত রোববার এ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলার বিনোদপুর থেকে বাবুখালি হয়ে ঘুল্লিয়া পর্যন্ত সড়কের নামফলকে চাঁদ আলী শিকদারের নাম ছিল। এই জেলায় এখনো তিনজন স্বাধীনতাবিরোধীর নামে তিনটি সড়কের নাম রয়েছে। সেগুলো হলো মাগুরা শহরের চৌরঙ্গী মোড় থেকে ভায়না মোড় এলাকা পর্যন্ত মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের তৎকালীন অধ্যক্ষ মোখলেসুর রহমানের নামে মোখলেসুর রহমান (এমআর) সড়ক, শহরের চৌরঙ্গী মোড় থেকে নতুন বাজার এলাকা পর্যন্ত হাবিবুর রহমান সড়ক এবং আবালপুর এলাকায় ওয়াজেদ আলী খানের নামে ওয়াজেদ আলী খান সড়ক। জেলা প্রশাসকের দপ্তর সূত্র জানায়, ওই ব্যক্তিরা একাত্তর সালে ‘শান্তি কমিটি’ বা রাজাকার বাহিনীর সদস্য ছিলেন।
এ বিষয়ে গত শনিবার প্রথম আলোয় ‘স্বাধীনতাবিরোধীদের নামে চার সড়ক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতাবিরোধীদের নামের স্থাপনাগুলোর নামফলক ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে মাগুরার এই চারটি সড়কের তালিকা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের কাছে এসেছে।
মুক্তিযোদ্ধা সংসদ মাগুরা জেলা ইউনিটের কমান্ডার মোল্লা নবুয়ত আলী বলেন, প্রশাসনের উচিত অতিসত্বর স্বাধীনতাবিরোধীদের নামে নামকরণ করা মাগুরার বাকি রাস্তাগুলোর নামফলক অপসারণের পদক্ষেপ গ্রহণ করা। আর যে সড়কে নামফলক নেই, সেই সব সড়কের ব্যবসাপ্রতিষ্ঠান এবং অফিস-আদালতের সাইনবোর্ড থেকে স্বাধীনতাবিরোধীদের নাম মুছে ফেলার পদক্ষেপ নেওয়া জরুরি।