সড়ক থেকে লোহালক্কড় সরাতে সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের সম্প্রসারিত সড়কের ওপর ব্যবসায়ীদের ফেলে রাখা টুকরো লোহালক্কড় (স্ক্র্যাপ) গতকাল বৃহস্পতিবারের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকল্প পরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তারা ভাটিয়ারীর বিভিন্ন এলাকা পরিদর্শনের পর এই নির্দেশ দেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সীতাকুণ্ড থানায় চার লেনের জন্য অধিগ্রহণ করা প্রায় পাঁচ কিলোমিটার অংশ স্ক্র্যাপ ব্যবসায়ীরা দখল করে রাখায় তিন মাস ধরে কাজ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল সকালে উপজেলার বারআউলিয়া থেকে কদমরসুল পর্যন্ত এলাকা পরিদর্শন করেন চার লেনের প্রকল্প পরিচালক মাসুদ করিম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন ইমরান, সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম ও ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেডের কর্মকর্তা মিজানুর রহমান। ইউএনও শাহীন ইমরান বলেন, ‘আজকের (বৃহস্পতিবার) মধ্যে স্ক্র্যাপ সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে পরের কার্যদিবসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে এবং অবৈধ মালামাল উচ্ছেদ করা হবে।’ সূত্র জানায়, চার লেন প্রকল্পের কন্ট্রাক্ট-১০-এর আওতায় সোনাইছড়ির তেতুইতল থেকে ভাটিয়ারী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশের কাজ পেয়েছে তাহের ব্রাদার্স। বিভিন্ন পণ্য রেখে দখল করায় মাস তিনেক আগে থেকে এখানে সড়কের কাজ করা সম্ভব হচ্ছে না। প্রায় দেড় শ স্ক্র্যাপ ব্যবসায়ী এই অংশ দখল করে রেখেছেন। স্ক্র্যাপ সরিয়ে নিতে বারবার নোটিশ দেওয়া হলেও তা কার্যকর করেননি ব্যবসায়ীরা। ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেডের উপ-প্রকল্প ব্যবস্থাপক এফ আর ফেরদৌস জানান, গত নভেম্বরের মাঝামাঝি থেকে কাজ বন্ধ। মহাসড়কের কাজের জন্য আনা যন্ত্রপাতি অলস পড়ে আছে। এভাবে চলতে থাকলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা কষ্টসাধ্য হবে।