সড়ক থেকে সরছে না বিদ্যুতের খুঁটি
টাঙ্গাইলের মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া সড়কের ওপর থেকে বিদ্যুতের খুঁটি ও মিটার সরানোর জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কাছে তিন মাস আগে আবেদন করেছিলেন দুই ব্যক্তি। কিন্তু আজও খুঁটি সরানো হয়নি। ফলে সড়কের পাশে কয়েকটি পরিবার এবং ওই সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা ঝুঁকিতে আছেন।
জানা গেছে, ওই সড়কের ভাওড়া নয়াপাড়া অংশে প্রায় চার মাস আগে পাকাকরণের কাজ শুরু হয়। সরকার অধিগ্রহণ করায় ওই সময় রাস্তার পাশে থাকা বসতঘর অন্যত্র সরিয়ে নেন লোকজন। সড়কের জন্য অধিগ্রহণ করা জমিতে বিদ্যুতের খুঁটি ও মিটার থাকায় সেগুলো সরানোর জন্য গত ৩ মার্চ মির্জাপুর পল্লী বিদ্যুতের কার্যালয়ে নির্ধারিত ফি দিয়ে আবেদন করেন স্থানীয় লোকজন। এর মধ্যে দুটি মিটার সরানোর জন্য তিন হাজার এবং বিদ্যুতের তার কিনতে ১ হাজার ৮৮৬ টাকা জমা দিয়েছিলেন নয়াপাড়া এলাকার ইব্রাহিম মিয়া ও মাসুদ মিয়া। এর মধ্যে মিটার দুটি গত বৃহস্পতিবার সরানো হয়েছে। সিএনজিচালিত অটোরিকশাচালক সাইফুল ইসলাম বলেন, রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি থাকায় ঝুঁকি নিয়ে তাঁকে সিএনজি চালাতে হয়।
মির্জাপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম সুশান্ত কুমার রায় বলেন, কাগজপত্র দেখে দ্রুত রাস্তার ওপর থেকে খুঁটি সরিয়ে নেওয়া হবে।