সড়ক দখল করে আলুর হাট, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার জয়পুরহাট-মোকামতলা সড়কের কিচক এলাকা দখল করে প্রতি রবি, বুধ ও শুক্রবার আলুর হাট বসানো হচ্ছে। এতে ওই তিন দিন হাট এলাকায় যানজট সৃষ্টি হওয়ায় বিভিন্ন যানবাহনের যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিবগঞ্জের কিচক এলাকায় সপ্তাহের ওই তিন দিন বিশাল হাট বসে। জায়গা সংকুলান না হওয়ায় হাটসংলগ্ন জয়পুরহাট-মোকামতলা সড়কের দুই পাশে রিকশা-ভ্যান ও ট্রাকে করে আলু বিক্রি করেন ব্যবসায়ীরা। এতে যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা আন্তজেলা ও দূরপাল্লার অসংখ্য বাস-ট্রাক, মাইক্রোবাস, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে থাকে। গত রোববার সকালে হাটে গিয়ে দেখা যায়, হাট বসায় সড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়েছে। হাটে আসা আলুবোঝাই রিকশা-ভ্যান, ট্রাক ও ভটভটিগুলো সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা হয়েছে। সড়কের পাশে ফুটপাতে পাইকারি ব্যবসায়ীরা আলু কিনে বিশাল স্তূপ করে রেখেছে। সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে এসব স্তূপ থেকে আলু ওঠানো হচ্ছে। এতে যানজট প্রকট আকার ধারণ করছে।বাসের যাত্রী শিবগঞ্জ উপজেলার আমতলী গ্রামের আমিনুর রহমান জানান, চাকরি করার জন্য তাঁকে জয়পুরহাটে অফিস করতে যেতে হয়। কিন্তু কিচক এলাকায় হাটবারের দিনগুলোতে যানজটের কারণে যথাসময়ে অফিসে পৌঁছাতে পারেন না। হাটে আসা আলুবিক্রেতা মহিদুল হক (৩৫) জানান, হাটে জায়গা না পাওয়ার কারণে তাঁরা রাস্তায় বসে আলু বিক্রি করছেন। একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজার জয়নাল আবেদীন বলেন, হাটের দিন জায়গাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যেকোনো সময় ক্রেতা-বিক্রেতা বা পথচারী গাড়িচাপা পড়তে পারে। কিচক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফছার আলী জানান, ‘প্রতি হাটবারে কিচকে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পরিষদের পক্ষ থেকে যানজট নিরসনে দুইজন গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে । কিন্তু তাতে কোনোই কাজ হচ্ছে না।’কিচক হাটের ইজারাদার আমিনুল ইসলাম বলেন, হাটে জায়গা সংকুলান হচ্ছে না। তার ওপর শ্রমিক-খরচ বাঁচানোর জন্য কৃষকেরা সড়কেই আলু বিক্রি করে। ব্যবসায়ীদেরও সড়কের পাশ থেকে আলু কিনে যানবাহনে তুলতে সহজ হয়। এতে সপ্তাহের ওই তিন দিন যানজটের সৃষ্টি হয়।