সড়ক দখল করে খড় বিক্রি, দুর্ভোগের দিকে নজর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়া পৌর এলাকায় বেড়া বাসস্ট্যান্ডসংলগ্ন সড়ক দখল করে চলছে খড় বিক্রি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
বেড়া পৌর এলাকায় বেড়া বাসস্ট্যান্ডসংলগ্ন সড়ক দখল করে চলছে খড় বিক্রি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

পাবনার বেড়া ও সাঁথিয়া পৌর এলাকার কয়েকটি স্থানে সড়ক দখল করে খড় (গোখাদ্য) বিক্রি করার ব্যবসা জমে উঠেছে। এতে ওই সব স্থান দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই ওই স্থানগুলোতে তৈরি হচ্ছে যানজট। দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেড়া পৌর এলাকায় বেড়া বাসস্ট্যান্ড থেকে চরপাড়া পর্যন্ত সড়কের বাসস্ট্যান্ডের কাছে সড়কের একাংশ দখল করে গড়ে উঠেছে খড় বিক্রির ২০ থেকে ২৫টি স্পট। সাঁথিয়া পৌর এলাকার থানা সড়কের পার্শ্ববর্তী সংযোগ সড়কে পাঁচটি ও বেড়া-সাঁথিয়া সড়কের সাঁথিয়া ফিলিং স্টেশনের কাছে সড়কের অংশ দখল করে গড়ে উঠেছে আরও দুটি স্পট। অস্থায়ী ওই দোকানগুলোর খড়ের স্তূপ রাখা হয়েছে সড়কের অংশ দখল করে। বিক্রির সময় প্রায়ই খড়ের ওজন করাসহ ছোট ছোট বোঝা তৈরি করা হয় একেবারে সড়কের ওপরই। এ সময় সড়কগুলোতে যান চলাচল চরমভাবে ব্যাহত হয়। অনেক সময় যান চলাচল বন্ধ হয়ে গিয়ে তৈরি হয় যানজট।
সড়ক দখল করে খড় বিক্রির কারণে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বেড়া বাসস্ট্যান্ডসংলগ্ন অংশে। ওই সড়কটি এমনিতেই সরু। তার ওপর সড়কের ওই অংশ দিয়ে প্রচুর যানবাহন চলাচল করায় স্বাভাবিক অবস্থাতেই লেগে যায় বিশৃঙ্খলা। তার ওপর সেখানে ২০ থেকে ২৫টি খড়ের দোকান গড়ে ওঠায় প্রায়ই তৈরি হয় যানজট।
ওই সড়ক দিয়ে চলাচলকারী বেড়া পৌর এলাকার রিকশাচালক রাশেদ ও আবু হানিফ বলেন, খড়ের দোকানদারেরা প্রায়ই সড়কের ওপরে খড় এনে বোঝা বানান। ওই বোঝা না সরানো পর্যন্ত রিকশা থামিয়ে বসে থাকতে হয়। কোনো কোনো সময় যাত্রী বা রিকশাচালকেরা প্রতিবাদ করলে খড়ের দোকানদারেরা সমবেত হয়ে তেড়ে আসেন। খড়ের দোকানদারেরা স্থানীয় বলে তাঁদের বেশি কিছু বলা যায় না।
ওই স্থানে খড়ের ব্যবসা করা বাহাদুর আলী ও আবদুল আউয়াল অবশ্য দাবি করেন, খড় বিক্রির কারণে যানবাহন চলাচলে কোনো সমস্যা হয় না। এ ব্যাপারে কেউ কোনো দিন প্রতিবাদও করেনি। বরং ওই স্থানে খড় বিক্রি করায় এলাকাবাসীর সুবিধাই হয়েছে। তাঁরা চলার পথ থেকেই খড় কিনে বাড়ি নিয়ে যেতে পারেন।
বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন বলেন, ‘সড়কের ওপর কাউকে খড় বিক্রি করতে দেওয়া হবে না। এ ছাড়া খুব শিগগির ওই সড়কটি প্রশস্ত করার কাজ শুরু হবে। তখন সড়কের দুই পাশ থেকে খড়ের দোকানগুলো এমনিতেই উঠে যাবে।’
এদিকে সাঁথিয়া পৌর এলাকায় থানা সড়ক থেকে ধুলাউড়ি সড়ক পর্যন্ত সংযোগ সড়কের প্রায় ওপরই গড়ে উঠেছে পাঁচটি খড়ের দোকান। ওই স্থানে সড়কের পাশে তেমন জায়গা না থাকায় খড়ের স্তূপগুলো রাখা হয়েছে সড়কের বেশ খানিকটা দখল করে। রাস্তার ওপরই চলছে খড়ের ওজন করা ও বোঝা তৈরির কাজ। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
সোনাতলা গ্রামের ভ্যানচালক মানিক হোসেন বলেন, ‘ওই সড়কটা খ্যাড় (খড়) ব্যবসায়ীরা দখল কইর্যাশ নিছে। তাই ওই রাস্তা দিয়্যা যতটা পারি না যাওয়ার চেষ্টা করি।’
ওই স্থানের খড় ব্যবসায়ী মো. ইব্রাহিম বলেন, ‘আমরা পৌরসভায় নিয়মিত খাজনা দিয়্যাই এখানে খ্যাড় বেচি। কোনো পাবলিক এমনকি পৌরসভাও আমাগরে কোনো বাধা দেয় নাই।’
সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম বলেন, ‘ওই জায়গা থেকে শিগগিরই খড়ের দোকান উঠিয়ে দেওয়া হবে। পৌর এলাকার কোনো সড়কেই এভাবে খড় বিক্রি করতে দেওয়া হবে না।’