
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের পাশের জায়গায় সপ্তাহে দুই দিন অনুমোদন ছাড়াই হাট বসে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে মহাসড়কটিতে যানজট তৈরি হয়। ফলে ভোগান্তিতে পড়ে লোকজন।
এ ছাড়া ধারা বাজার এলাকায় ধারা-নালিতাবাড়ী সড়কের মোড় দখল করেও গড়ে উঠেছে বেশ কিছু অবৈধ দোকানপাট ও অটোরিকশার স্ট্যান্ড। এতে ওই এলাকায় প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, হালুয়াঘাট সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে ধারা বাসস্ট্যান্ড এলাকার পাশে প্রতিদিন বাজার বসে। এ ছাড়া প্রতি শুক্র ও সোমবার মহাসড়কের পাশের জায়গা দখল করে বসে ধানের হাট। উপজেলার নড়াইল, ধুরাইল, আমতৈল, কৈচাপুরসহ বিভিন্ন গ্রামের কৃষক এখানে আসেন।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের ওপর চলে ধান কেনাবেচা। ধান বহনকারী নছিমন, করিমন, ভটভটি, ভ্যানসহ বিভিন্ন যানবাহন রাখা হয় মহাসড়কের ওপর। এতে সপ্তাহের এ দুই দিন মহাসড়কের প্রায় অর্ধেক অংশ দখল হয়ে যায়। হালুয়াঘাট থেকে ঢাকা ও ময়মনসিংহগামী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ধারা বাজারে গিয়ে আটকে পড়ে। সৃষ্টি হয় যানজট। এ কারণে পথচারীদের চলাচলও বাধাগ্রস্ত হয়।
শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের চালক বলেন, ধারা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিনই যানজটে আটকে পড়তে হয়। তবে শুক্র ও সোমবার বিকেলে যানজট তীব্র হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ধারা বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর কেনাবেচা হচ্ছে ধান। কৃষকেরা নছিমন, করিমনসহ বিভিন্ন যানবাহনে করে ধান নিয়ে এসে বিক্রির জন্য মহাসড়কের ওপর রেখেছেন। ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে ধান কেনার পর মহাসড়কেই স্তূপ করে রাখছেন। এতে সড়কের দুই পাশ দখল হয়ে গেছে। হালুয়াঘাট থেকে ঢাকাগামী কয়েকটি বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে সৃষ্টি হয়েছে যানজট।
ধান বিক্রি করতে আসা কয়েকজন কৃষক বলেন, মহাসড়কের পাশেই ধান কেনাবেচা হয় বলে তাঁরা এটাকে ধানমহাল বলে জানেন। তাই মহাসড়কের পাশেই তাঁরা ধান নিয়ে দাঁড়ান।
ধানের একজন ক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সড়কের ওপর ধান কেনাবেচা না করতে প্রশাসন আমাদের বলেছে। কিন্তু সুবিধামতো কোনো জায়গা না থাকায় বাধ্য হয়েই মহাসড়কের পাশেই ধান কেনার কাজটা করতে হয়।’
হালুয়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) শিহাবউদ্দিন আহমেদ বলেন, ‘মহাসড়কের ওপর গড়ে ওঠা ধানের হাট অবৈধ। আমরা কয়েকবার এ জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ধারা-নালিতাবাড়ী সড়কের মোড়েও কিছু অবৈধ দোকানপাট রয়েছে। এগুলো দ্রুত উচ্ছেদ করা হবে।’