রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিকল্পনায় আছে সড়ক। কিন্তু সড়কের পাশের ভবনমালিকেরা সেখানে গড়ে তুলেছেন অবৈধ স্থাপনা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ ও ১৪ নম্বর ওয়ার্ডে সড়কের জায়গা দখল করেছে এমন ১ হাজার ১৭১টি ভবন চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাইকপাড়া মৌজার কোন সড়ক কত ফুট হওয়ার কথা, বাস্তবে কতটা আছে, সড়কের জায়গায় কী ধরনের স্থাপনা আছে এই তালিকা তৈরি করেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। তালিকাটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে পাঠানো হয়েছে। রাজউক ও ডিএনসিসি সম্মিলিতভাবে সড়কগুলোতে উচ্ছেদ চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
রাজধানীতে সেবা দেয় এমন ২৫টি সেবা সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে গত বছরের ২৪ আগস্ট ডিএনসিসি প্রথম সমন্বয় সভা আয়োজন করে। ওই সভার সিদ্ধান্তের আলোকে গত ২ জানুয়ারি রাজউক, ঢাকা ওয়াসা এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সঙ্গে দ্বিতীয় সভা করে ডিএনসিসি। সভায় ডিএনসিসি এলাকার বেশ কিছু সড়কে নকশাবহির্ভূতভাবে বাড়ি নির্মাণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে কল্যাণপুর, পীরেরবাগ, শেওড়াপাড়া পর্যন্ত এই সড়কটিও ছিল। সভায় সড়কগুলো দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।
সমন্বয় সভার আলোচ্যসূচি অনুযায়ী, ডিএনসিসির ১১ নম্বর ওয়ার্ডেই সড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা ভবনের সংখ্যা বেশি। ১১ নম্বর ওয়ার্ডে এমন ভবনের সংখ্যা ১ হাজার ১২৩টি। বাকি ৪৮টি ভবন ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত।
রাজউক ও ডিএনসিসির তালিকা অনুযায়ী ১১ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া নাজিফ ফার্মেসির মোড় থেকে বউবাজার হয়ে ৬০ ফুট সড়কে ১৪২টি বাড়ি, কল্যাণপুর ৩ নম্বর রোড, প্রাইমারি স্কুল রোড ও ৫ নম্বর রোডে ১৬৯টি বাড়ি, কল্যাণপুর বাসস্ট্যান্ডের মিজান টাওয়ার থেকে কল্যাণপুর প্রধান সড়কের ঝিঙে ফুল বাড়ি পর্যন্ত সড়কের ৯০টি বাড়ি, ঝিঙে ফুল বাড়ি থেকে মধ্য পাইকপাড়া হয়ে মিরপুর রোডে ৪৫টি বাড়ি, গার্ডেন ভিউ রোডে ৫৪টি বাড়ি, এসপি রোডের ৬৪টি বাড়ি, দক্ষিণ পাইকপাড়া এসওএস ক্লিনিকের মোড় থেকে বটতলা শরীয়তপুর টাওয়ার পর্যন্ত ৭৩টি বাড়, তাজ লেনের মাথা থেকে শরীয়তপুর টাওয়ার পর্যন্ত ৭২টি বাড়ি অবৈধভাবে সড়কের অংশ দখল করেছে।
এ বিষয়ে ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, এলাকার ভেতরের সড়কগুলো ২০ ফুট হওয়ার কথা। বাস্তবে কোথাও আছে ১২ ফুট, কোথাও ১৪ ফুট। সড়কের পাশের বাড়ির মালিকেরা দেয়াল তুলে, দোকান তুলেছেন সড়কের জায়গায়। সড়ক উদ্ধারে বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা হচ্ছে।
ওয়ার্ডের সড়ক প্রশস্ত করার বিষয়ে বাড়ির মালিকেরা করণীয় সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করছেন। একজন বাড়ির মালিক বলেন, ‘রাজউকের পরিকল্পনা হয়েছে ১৯৯৫ সালে। জমি কিনেছি ৫০ বছর আগে। সড়ক অবৈধভাবে দখল করে রাখা হয়েছে, এই কথাটা ঠিক নয়। এখন সড়ক প্রশস্ত করতে চাইলে ক্ষতিপূরণ দিয়ে তারপরেই জমি নিতে হবে।’
তালিকায় থাকা প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ একটি সড়ক দখলমুক্ত করতে ইতিমধ্যে উচ্ছেদ শুরু করেছে রাজউক। সড়কটির শেওড়াপাড়া থেকে পীরেরবাগ পর্যন্ত অংশে গত ১৮ জানুয়ারি থেকে উচ্ছেদ চলছে। উচ্ছেদে ইতিমধ্যে দুই শতাধিক ভবনের অংশ ভাঙা পড়েছে।
রাজউক সূত্রে জানা যায়, মহাপরিকল্পনা অনুযায়ী পশ্চিম শেওড়াপাড়া থেকে মধ্য পীরেরবাগ, আগারগাঁও ৬০ ফুট সড়ক, দক্ষিণ পাইকপাড়া, কল্যাণপুর নতুন বাজার হয়ে মিরপুর বাঙলা কলেজ পর্যন্ত একটি সংযোগ সড়ক আছে। মহাপরিকল্পনা অনুযায়ী সড়কটি প্রস্থে ৩০ ফুট থাকার কথা। অথচ, দুই পাশের ভবনমালিকেরা নকশাবহির্ভূতভাবে সড়কটির অংশ দখল করে রাখায় কোথাও আছে ১২ ফুট, কোথাও ১৫ ফুট।
এ বিষয়ে রাজউকের অঞ্চল-৩–এর পরিচালক খন্দকার অলিউর রহমান বলেন, শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে আগারগাঁও ৬০ ফুট সড়ক পর্যন্ত সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা ভবনের অংশবিশেষ ভেঙে ফেলা হচ্ছে। ৬০ ফুট সড়কের ওপর পাশ থেকে বাঙলা কলেজ পর্যন্ত অংশে ফেব্রুয়ারিতে উচ্ছেদ চালানো হবে। ১১ নম্বর ওয়ার্ডের বাকি সড়কের বিষয়ে ডিএনসিসির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।