প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়ায় গত শনিবার রাত সোয়া তিনটার দিকে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার শাজাহানপুর গ্রামের বাসিন্দা ট্রাকচালক শফিকুল ইসলাম (৪০) ও তাঁর সহকারী সোহেল মিয়া (২২)। পুলিশ জানায়, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি ট্রাক মহাসড়কের সাটিয়াচড়ায় বিকল হয়ে যায়। তখন শফিকুল ও সোহেল ট্রাকের নিচে শুয়ে ট্রাক মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে ওই দুজন বিকল ট্রাকের চাকার নিচে পড়ে মারা যান। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই বাবুল শেখ বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।