সড়ক দুর্ঘটনা, আম ও ভারতীয় মুদ্রা
আমবোঝাই ট্রাকটি আসছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে। দুই শ্রমিক—দুলাভাই ও শ্যালক বসে ছিলেন গাড়ির ওপরে। ট্রাক উল্টে আমের নিচে চাপা পড়ে দুজনেই মারা যান।
সারা রাত চাপা পড়ে ছিল লাশ। সকালে পুলিশ এসে লাশ নিয়ে গেলেও পড়ে ছিল আম। দুপুরের দিকে পাশের দুই গ্রামের লোক এসে আম লুট করতে থাকে। আম সরাতেই বেরিয়ে পড়ে তিন লাখ ভারতীয় মুদ্রা। সেটিও একজন নিয়ে যাচ্ছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে টাকা উদ্ধার করতে পারলেও সব আম নিয়ে যায় তারা। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার সময় ঘটনাটি ঘটে রাজশাহীর খড়খড়ি বাইপাস সড়কে।
নিহত দুই শ্রমিক হচ্ছেন আবদুর রহিম (৩৮) ও তাঁর শ্যালক আবদুল কাদির (৩২)। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। পুলিশ গতকালই পরিবারের কাছে তাঁদের লাশ হস্তান্তর করেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে ট্রাকটি রাজশাহী নগরের খড়খড়ি বাইপাস সড়কে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। চাপা পড়েন দুজন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ লাশ উদ্ধার করার সময় ট্রাক ওল্টাতে গেলে আমের ঝুড়িগুলো ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলের পাশের দুটি গ্রাম কুখন্ডি ও বামুনশিকড়। দুপুরের দিকে একে একে আসতে থাকে দুই গ্রামের মানুষ। মালিক নেই দেখে তারা একটি-দুটি করে আমের ঝুড়ি সেখানে থেকে সরাতে থাকে।
বিকেলের দিকে আমের সঙ্গে এক গ্রামবাসী তিন লাখ ভারতীয় মুদ্রা পেয়ে যান। এবার আম রেখে শুরু হয় মুদ্রা নিয়ে কাড়াকাড়ি। এ নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে বেধে যায় সংঘর্ষ। খবর পেয়ে নগরের মতিহার থানার পুলিশ সেখানে যায়। পুলিশ তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা উদ্ধার করতে পারলেও তারা সব আম নিয়ে যায়।
গতকাল শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মতিহার থানার উপপরিদর্শক মাসুদ রানা বলেন, তিনি গ্রামবাসীর কাছে থেকে তিন লাখ ভারতীয় মুদ্রা উদ্ধার করেছেন। তবে সব আম দুই গ্রামবাসী লুট করে নিয়ে গেছে। তিনি বলেন, যাঁরা গাড়ির ওপরে ছিলেন তাঁদের কাছেই হয়তো এই ভারতীয় মুদ্রা ছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ট্রাকচালকের মালিক আগের দিন বিকেলেই হেরোইনসহ গ্রেপ্তার হয়েছেন। এ জন্য তাঁকে দুর্ঘটনার মামলায় জড়ানো হয়নি। চালকের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।