অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। এ সড়কে (ঢাকা-সিলেট) আমার একজন পূর্বসূরি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও সুনামগঞ্জের পৌরসভার চেয়ারম্যান মমিনুল মউজদীনকে আমরা হারিয়েছি। আজ হারালাম শামীমকে (সিলেট জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতি ইফতেখার হোসেন শামীম)।’ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনবিশিষ্ট না হওয়ায় দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে বলে মনে করেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘সিলেটবাসীর দাবি মহাসড়ক চার লেনবিশিষ্ট হোক। এ দাবি পূরণ না হওয়ায় একের পর এক মেধাবীরা অকালে হারিয়ে যাচ্ছেন।’গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগের নেতা ইফতেখারের জানাজাপূর্ব সভায় দুই মন্ত্রী এসব কথা বলেন। জানাজা শেষে হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ কবরস্থানে মুক্তিযোদ্ধা ইফতেখারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।এদিকে আওয়ামী লীগের নেতার মর্মান্তিক মৃত্যুতে পাঁচ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। জানাজাপূর্ব সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও সমবেদনা জানাতে এসেছেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক শোকবার্তায় বলেন, ইফতেখারকে হারিয়ে প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে একধরনের শূন্যতার সৃষ্টি হলো। আওয়ামী লীগের নেতা ইফতেখারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।মুক্তিযোদ্ধা ইফতেখার দীর্ঘদিন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ বছর গঠিত নতুন কমিটিতে তিনি জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পান। রাজনীতির পাশাপাশি তিনি সিলেটে ডায়াবেটিক সমিতি, ক্রীড়া সংস্থা ও রেড ক্রিসেন্টের যথাক্রমে সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।