সড়ক দুর্ঘটনা কমাতে চাই সমন্বিত যাতায়াতব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেল ও নৌ খাতকে অবহেলা করে অসমভাবে সড়কপথ বাড়ানোর কারণে যাতায়াতব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি। সড়ক দুর্ঘটনাকে সহনীয় মাত্রায় আনার জন্য দরকার সমন্বিত যাতায়াতব্যবস্থা। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রাজনীতিবিদ, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ অভিমত দেন। সাংবাদিক নিখিল ভদ্র সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার এক বছর পূর্তিতে ‘সংক্ষুব্ধ সাংবাদিক সমাজ’-এর ব্যানারে ‘চাই নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা’ শীর্ষক এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, নিরাপদ যাতায়াতব্যবস্থা গড়ে তুলতে হলে শুধু সড়ক নয়, নৌ ও রেল খাতকেও গুরুত্ব দিতে হবে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ব্যক্তিগত গাড়িকে নিরুৎসাহিত করতে ও গাড়ির বেপরোয়া গতি নিয়ন্ত্রণে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। দীর্ঘদিন ধরে দুর্ঘটনার বিরুদ্ধে জনসচেতনা কর্মসূচি চালিয়ে আসা ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, রেলের উন্নয়ন না করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্প সুফল বয়ে আনবে না। রেল ও নৌপথকে গুরুত্ব দিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে।সড়ক দুর্ঘটনা হ্রাসে আইনকে যুগোপযোগী করা ও বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়নের তাগিদ দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ তারানা হালিম। সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, পথচারীদের জন্য উপযোগী ফুটপাত ও রাস্তা পারাপারের সুবিধা নিশ্চিত করতে হবে।আইন সংশোধনের মাধ্যমে অপরাধী চালকদের শাস্তির মেয়াদ বাড়ানো ও মামলা অজামিনযোগ্য করা প্রয়োজন বলে অভিমত দেন আহত সাংবাদিক নিখিল ভদ্র। এ ছাড়া কর্মসূচিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, সড়ক দুর্ঘটনায় মা হারানো এস আর শুভ প্রমুখ বক্তব্য দেন। একাত্মতা প্রকাশ করেন প্রকৌশলী ম ইনামুল হক, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিচালক নূর খান প্রমুখ।২০১১ সালের ২৮ ডিসেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে চলন্ত বাসের চাকায় মারাত্মক আহত হন কালের কণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক নিখিল ভদ্র।