সড়ক দুর্ঘটনা কমাতে মানিকগঞ্জে চালকদের প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে গতকাল সোমবার থেকে মানিকগঞ্জে শুরু হয়েছে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিআরটিএ মানিকগঞ্জ সার্কেল এ কর্মসূচির আয়োজন করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের আগে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুন্শী শাহাবুদ্দীন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া, বিআরটিএর ঢাকা সদর সার্কেলের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান মৃধা, মানিকগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মো. আবদুস সাত্তার ও মোটরযান পরিদর্শক মাইদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অধিকাংশ কর্মক্ষেত্রেই আট ঘণ্টা শ্রম দিতে হলেও এ দেশে পরিবহনশ্রমিকদের অবস্থা ভিন্ন। অধিকাংশ ক্ষেত্রেই একজন চালককে মালিকের নির্দেশে সারা দিনের পর রাতেও গাড়ি চালাতে হয়। ক্লান্তিতে নুয়ে পড়া শরীর-মন নিয়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েন তাঁরা। এ জন্য সড়ক দুর্ঘটনায় কেবল চালক নন, মালিকও দায়ী। সড়ক দুর্ঘটনা রোধে মালিক ও চালক উভয়কেই সচেতন হতে হবে। পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া বলেন, দুর্ঘটনা রোধে প্রত্যেক চালককেই ট্রাফিক আইন মানতে হবে। ট্রাফিক পুলিশকেও যথাযথ দায়িত্ব পালন করতে হবে।