সড়ক দুর্ঘটনা কমাতে সাংসদদের এগিয়ে আসতে আহ্বান

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক প্রচার চালানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, সংসদ সদস্যরা তাঁদের বক্তব্য ও কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
আজ শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক মহাসমাবেশে শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে সমাবেশটির আয়োজন করে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধযোগ্য উল্লেখ করে সমাবেশে স্পিকার আরও বলেন, নিরাপদ সড়কের দাবি দলমত-নির্বিশেষে সবার। এখানে বিভেদের সুযোগ নেই। এই দাবি বাস্তবায়ন করতে হবে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে তিনি গাড়ি চালানোর সময় চালকদের এবং সড়ক বা রেলপথ পার হওয়ার সময় পথচারীদের মুঠোফোন ব্যবহার না করার পরামর্শ দেন। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ, ট্রাফিক আইন মানা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং তৈরির পরামর্শ দেন স্পিকার।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ২৪ বছর থেকে নিসচা চিৎকার করছে-আইন তৈরি কর, শক্ত আইন বানাও। ২০১২ সালে সড়ক পরিবহন সংক্রান্ত আইনের খসড়া তৈরির চার বছর পরও এর বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মেয়র বলেন, এই চার বছরেতো আট হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রশিক্ষিত চালক তৈরি করতে তিনি গাড়ি ব্যবসায়ীদের নিজ খরচে নিজ জায়গায় চালক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠারও দাবি জানান।
মহাসমাবেশে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন রাজনৈতিক ইশতেহারে নিরাপদ সড়ক দাবির বিষয়টি অন্তর্ভুক্ত ও সড়ক দুর্ঘটনা সংক্রান্ত কঠোর আইন তৈরির দাবি জানান।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক হোসাইন আহমেদ মজুমদার বলেন, দুর্ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ-চালক-যাত্রী-পথচারী সবার আন্তরিকতা প্রয়োজন। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা হয় উল্লেখ করে তিনি বলেন, হাইওয়ে পুলিশের জন্য ১০৫টি গতি নিয়ন্ত্রক যন্ত্র কেনা হয়েছিল। এর মধ্যে ২০টি নষ্ট, বাকিগুলো সচল আছে। কিন্তু হাইওয়ে পুলিশ যন্ত্রগুলো ব্যবহার করে না। ১০ লাখ চালক লাইসেন্স ছাড়া গাড়ি চালান বলেও তিনি অভিযোগ করেন।
সড়ক দুর্ঘটনায় নিহত মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী বলেন, আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি যারা আইন বা নিয়ম মানি না। সমস্যার সমাধান না করে আমরা একে অন্যকে দোষারোপ করি, সমাধানে এগিয়ে আসি না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইদুল হক বলেন, আইন, আইনের প্রয়োগ ও সড়কে বাস্তবতা তিনটি তিন শহরে বাস করে। কাউকে হত্যার জন্য এখন আর আগ্নেয়াস্ত্র কেনার দরকার নেই, গাড়ি কিনলেই চলে বলে তিনি মন্তব্য করেন।
মহাসমাবেশে নিসচার মহাসচিব শামীম আলম দীপেন স্বাগত বক্তব্য দেন। সভাপতিত্ব করেন নিসচার ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামাল। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুর ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।