সড়ক দুর্ঘটনা আমাদের আলোকিত মানুষদের কেড়ে নিচ্ছে। আমরা সড়কে আর কাউকে হারাতে চাই না। দেশের সব সড়ক নিরাপদ হোক। সড়কে মৃত্যুর মিছিল বন্ধ হোক। এই মিছিল থামাতে রাষ্ট্রকে আরও উদ্যোগী হতে হবে।মরমি শিল্পী হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌরসভার তিনবারের চেয়ারম্যান কবি মমিনুল মউজদীনের পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে কবি মমিনুল মউজদীন স্মৃতি সংসদ। অনুষ্ঠানে ১৮০ জন শিক্ষার্থীকে মমিনুল মউজদীন স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।সাবেক শিক্ষক মুহাম্মদ আবদুর রহীমের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. নূরে আলম মিনা, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ জহুর আলী, সাবেক শিক্ষক এ এফ মাসয়ূদুল হাসান, মো. মকবুল হোসেন, যোগেশ্বর দাশ, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান গনিউল সালাদীন, স্মৃতিবৃত্তি পরীক্ষার আহ্বায়ক ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম প্রমুখ। বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মকবুল হোসেন। তিনি বলেন, ‘একজন সৃজনশীল মানুষ হিসেবে দেশব্যাপী মমিনুল মউজদীনের পরিচিতি ছিল। এ সময় তাঁর মতো সৎ ও সাহসী মানুষের বড় প্রয়োজন ছিল।’ ২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা থেকে সপরিবারে সুনামগঞ্জে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী তাহেরা চৌধুরী, ছেলে কাহলিল জিবরানসহ মারা যান কবি মমিনুল মউজদীন। জীবিত থাকা অবস্থায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ এ শহর ছেড়ে পালব কোথায় এবং মৃত্যুর পর হূদয় ভাঙার শব্দ প্রকাশিত হয়।