সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ছয় প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর, ফরিদপুরের ভাঙ্গা, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রংপুরের পীরগাছায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: বাগমারা দামনাশা গ্রামের উজ্জ্বল (২৫) মোটরসাইকেলে তাঁর স্ত্রী ইতি (২২) ও শিশুকন্যা নিপাকে (তিন মাস) নিয়ে গতকাল তানোরের গোল্লাপাড়া গ্রামের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। উপজেলার আনন্দবাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের চাপা দিলে স্বামী-স্ত্রী প্রাণ হারান। তবে মায়ের কোল থেকে ছিটকে পড়ে নিপা অক্ষত অবস্থায় বেঁচে যায়।ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি বাবলাতলা এলাকায় গতকাল শুক্রবার বেলা পৌনে একটায় একটি মাইক্রোবাসের চাপায় আবদুল হাশেম শেখ (৭৫) নামের একজন নিহত হয়েছেন। নিহতের বাড়ি উপজেলার গঙ্গাধরদি গ্রামে।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উল্লাপাড়া উপজেলার কয়রা হরিশপুর গ্রামের পাশে উল্লাপাড়া-মোহনপুর সড়কে গতকাল একটি নছিমনের সঙ্গে বিপরীতগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী উপজেলার রতনদিয়ার গ্রামের শরিফুল ইসলাম (২৮) নিহত হন।পীরগাছা (রংপুর): উপজেলার পরানের উঁচু ব্রিজ এলাকায় বৃহস্পতিবার একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ট্রলির চাপায় চালক মাহেআলম (১৭) ও তার সহকারী মিন্টু মিয়া (১৪) নিহত হয়। তাদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম শিবরাম গ্রামে।