সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ১৩ জনের প্রাণ
কুমিল্লার দাউদকান্দি, ঝালকাঠির নলছিটি, চট্টগ্রামের পটিয়া, বাগেরহাট, নেত্রকোনা ও মানিকগঞ্জে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুরে শনিবার একটি মাইক্রোবাস ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মাইক্রোবাসের যাত্রী সৌরভ হোসেন (২৫), তাঁর ফুফা ফজলুর রহমান (৬০), খালাতো বোন আকলিমা (১৫) ও চাচাতো বোন শারমিন (২০) নিহত হয়েছেন। তাঁদের বাড়ি বরুড়া উপজেলার মোহিতপুর গ্রামে। একই দিন চান্দিনা উপজেলার হারিখোলায় বাসের চাপায় স্থানীয় ছয়ঘড়িয়া গ্রামের আবদুল মজিদ (৬৫) নিহত হন।বরিশাল: বরিশাল-ঝালকাঠি মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পুর গ্রাম এলাকায় শনিবার যাত্রীবাহী বাসের সঙ্গে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলের চালক ঝালকাঠির আগরবাড়ীর সুমন, আরোহী পিরোজপুর সদরের শোভন সাহা (৩২) ও ঝালকাঠির কাটপট্টির বিদ্যুৎ কুণ্ডু (৩০) নিহত হন।পটিয়া (চট্টগ্রাম): উপজেলার মনসার ছালেহ নূর ডিগ্রি কলেজের সামনে শনিবার বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী লাকি আকতার (২৭) ও চালক আবদুল জব্বার (২৮) নিহত হন। উত্তেজিত জনতা পরে সড়কে অবরোধ সৃষ্টি করে। এতে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বাগেরহাট: বাগেরহাট শহররক্ষা বাঁধের কে বি বাজার এলাকায় শনিবার ট্রাকচাপায় ময়না বেগম (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি এলাকার মৃত ইসমাঈল হোসেনের স্ত্রী।নেত্রকোনা: নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের নেত্রকোনা সদরের বাংলা নামক স্থানে গতকাল রোববার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে মৃদুল সরকার (৩৫) নামের এক যাত্রী নিহত হন। তাঁর বাড়ি নেত্রকোনা সদর উপজেলার কাশিপুর গ্রামে।মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সদর উপজেলার জায়গীর নামক স্থানে শুক্রবার একটি ট্যাক্সি ক্যাব সড়কের পাশে খাদে পড়ে গেলে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন।