সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ১৪ প্রাণ
রাঙামাটির কাপ্তাই ও কুমিল্লার দাউদকান্দিতে বাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:স্মৃতি চাকমা চিরতরে স্মৃতি হয়ে গেল: দ্রুতগামী বাসের চাকায় থেঁতলে গেছে স্মৃতি চাকমার (৭) মাথা। চোখের সামনে একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু দেখে নিথর হয়ে গেছেন মা-বাবা। দুজন রাস্তার ওপরই মাথা ঘুরে পড়ে যান। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের শীলছড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাকমার বাবা গগন চাকমার বাড়ি জীবতলী ইউনিয়নে। পেশায় জেলে গগন চাকমা স্ত্রী রূপসী চাকমা ও মেয়েকে নিয়ে শীলছড়িতে যাচ্ছিলেন। অটোরিকশা থেকে নেমে গগন চাকমা যখন ভাড়া পরিশোধ করছিলেন, স্মৃতি তখন পাশেই দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে আসা একটি যাত্রীবাহী বাস স্মৃতিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ট্রাক কেড়ে নিল মা-মেয়ের প্রাণ: রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে প্রাণ হারিয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার বাংলাদেশ হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পাংশা থানার পুলিশ সূত্র জানায়, নিহত দুজন হলেন জুলেখা বেগম (২২) ও তাঁর চার বছরের মেয়ে টুকটুকি। তাঁদের বাড়ি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া গ্রামে। এ সময় আশপাশের ক্ষুব্ধ লোকজন ট্রাকটিকে আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। জয়পুরহাটে আইসক্রিম বিক্রেতা নিহত: জয়পুরহাট-বগুড়া সড়কের সদর উপজেলার কমরগ্রাম নামক স্থানে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বিআরটিসি বাসের ধাক্কায় কোরবান আলী (২২) নামের এক আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার চকভারুনিয়া গ্রামে। সরাইলে বাস-অটোরিকশা সংঘর্ষ: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পশ্চিম কুট্টাপাড়ায় গতকাল দুপুর ১২টার দিকে বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ১০ জন। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক শাহ আলম (২৮), অটোরিকশার যাত্রী সিদ্দিক মিয়া (৪৫) ও দুলাল মিয়া (৩৫)। চালকসহ তিনজনের প্রাণহানি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী-বরমা-চট্টগ্রাম সড়কের বরমা কলেজের সামনে গত সোমবার দুপুরে বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন বাঁশি দাশ (৬০), রহমত উল্লাহ (৩০) ও চালক মোছলেম মিয়া (২৫)। কিন্ডারগার্টেনের ছাত্রী নিহত: ঢাকা-হোমনা সড়কে তিতাস উপজেলা কমপ্লেক্স এলাকায় বাসের চাপায় চাঁদনি নামের ইভা কিন্ডারগার্টেনের এক ছাত্রী মারা গেছে। গত সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদনি (৭) দাউদকান্দি উপজেলার কড়িকান্দি গ্রামের চাঁন বাদশার মেয়ে। চারজন হতাহত: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কাপ্তাই সড়কের কুয়াইশ বুড়িশ্চর কলেজের সামনে ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার আরোহী। নিহত মো. ইয়াছিনের (৩০) বাড়ি উপজেলার বুড়িশ্চর এলাকায়। ট্রাকে অগ্নিসংযোগ: যশোর সদর উপজেলার মাহিদিয়া বাজারে মাটি বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গত সোমবার লিবরা ওষুধ কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল হামিদ (৪৫) নিহত হয়েছেন। এর প্রতিবাদে স্থানীয় লোকজন যশোর-রাজগঞ্জ সড়ক অবরোধ করে ট্রাকটিতে অগ্নিসংযোগ করে।বাসচাপায় একজনের মৃত্যু: চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজানের চারাবটতল এলাকায় বাসের ধাক্কায় মোহাম্মদ জাবেদ চৌধুরী (২০) নামের এক যুবক মারা গেছেন। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।