সড়ক দুর্ঘটনা তিন জেলায় নিহত ৩
বগুড়ার শেরপুর, পাবনার সাঁথিয়া এবং মাদারীপুরে মঙ্গলবার ও বুধবার সড়ক দুর্ঘটনায় নববধূসহ তিনজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় বুধবার রাত ১১টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের চালক জয়পুরহাটের কালাই উপজেলার জসিমপুর গ্রামের রফিকুল ইসলাম (৩০) ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকের হেলপারসহ দুজন আহত হয়েছেন।পাবনা: পাবনার সাঁথিয়া-মাধপুর সড়কের চক নন্দনপুর মোড়ে বুধবার বিকেলে ইঞ্জিনচালিত করিমনের চাপায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার জোরগাছা গ্রামের সোহরাব সরকারের ছেলে।মাদারীপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর তাঁতীবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল ১১টায় বগুড়াগামী বিআরটিসি বাসের ধাক্কায় নববধূ নাসিমা বেগম (২১) নিহত হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে নাসিমা বেগম স্বামীর সঙ্গে মাদারীপুরে যাওয়ার উদ্দেশে তাঁতীবাড়ি বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা বগুড়াগামী বিআরটিসির বাস নাসিমাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নাসিমা বেগম মস্তফাপুরের খয়েরভাঙ্গা গ্রামের খোকন মাদবরের স্ত্রী। মাত্র ১০ দিন আগে তাঁদের বিয়ে হয়। এ ঘটনায় এলাকার উত্তেজিত জনগণ মহাসড়কে ইট ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়ুম আলী সরদার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি আটক করা হয়েছে।