সড়ক দুর্ঘটনা তিন জেলায় নিহত ৪
কুষ্টিয়ার কুমারখালী, সাতক্ষীরার শ্যামনগর ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ৩৭ জন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:কুষ্টিয়া: গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে একটি বাস ৬০-৭০ জন যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাচ্ছিল। পথে কুমারখালী পৌরসভার কাজীপাড়া এলাকায় বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ীগামী একটি নছিমনকে ধাক্কা দিয়ে রাস্তার ডান পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক কুমারখালী চৌরঙ্গী এলাকার আবদুল মালেক ও বাসযাত্রী অজ্ঞাত একটি শিশু (১০) নিহত হয়। আহত হয়েছে আরও ৩০ জন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গতিরোধকের দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। সাতক্ষীরা: গত রোববার রাত ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকি গ্রামের এক বিয়েবাড়ি থেকে ফেরার পথে চালতেঘাটা এলাকায় ইঞ্জিনচালিত ভ্যানের একটি রড ভেঙে যায়। এতে ভ্যানের ১১ জন যাত্রীর সবাই পড়ে যায় এবং কালীগঞ্জ উপজেলার কোমরপুর গ্রামের আবদুর রউফ নিহত ও অপর সাতজন আহত হয়।গোপালগঞ্জ: রোববার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাটে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। এ ব্যাপারে মুকসুদপুর থানায় ভাঙ্গা হাইওয়ে পুলিশ গতকাল সোমবার দুপুরে একটি মামলা করেছে।