সড়ক দুর্ঘটনা দুই ছাত্রসহ নিহত ৭

ঝালকাঠির নলছিটিতে শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় বরিশাল কলেজের দুই ছাত্র নিহত হয়েছেন। একই দিন গাইবান্ধার পলাশবাড়িতে ট্রাকের চাপায় দুজন পল্লিচিকিৎসক এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে গাড়ির চাপায় দুজন পথচারী নিহত হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক উল্টে তার নিচে চাপা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নলছিটি থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশাল কলেজের দুই ছাত্র রাহাত (২২) ও সাকিল (২২) এবং হিরন (২৪) শুক্রবার রাতে মোটরসাইকেলে করে নলছিটি থেকে বরিশাল যাচ্ছিলেন। রাত আটটার দিকে খয়রাবাদ সেতুতে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রাহাত ও সাকিল মারা যান। হিরনকে গুরতর আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ী থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লি চিকিৎসক হজরত আলী (৩২) ও খোরশেদ আলম (২৮) শুক্রবার সকালে মোটরসাইকেলে করে পলাশবাড়ী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে জুনদহ এলাকায় পৌঁছালে রংপুর থেকে বগুড়াগামী একটি আলু বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহত হজরত গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শালমারা গ্রামের আবদুল আজিজের ছেলে। খোরশেদ মহিমাগঞ্জ ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের নাজির হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ইলিয়াছ আলী (৩০) নামের ব্যক্তিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারঁ মৃত্যু হয়। সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার বাসিন্দা ইলিয়াস আলী পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।
অপর দিকে সকাল সাড়ে নয়টার সময় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক স্বপ্না বেগম (২৭) নামের এক নারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার তরমা-নগরকান্দা সড়কের লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী পূর্বপাড়া মাদরাসার কাছে একটি ইজিবাইক উল্টে গেলে তার নিচে চাপা পড়ে কাজী হসাইন (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়। হুসাইন নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামের কাজী নিজামউদ্দিনের ছেলে। সে নগরকান্দা এমএন একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র ছিল। উপজেলার শশা গ্রামে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে তাঁর মৃত্যু হয়।
(প্রতিবেদন পাঠিয়েছেন ফরিদপুর অফিস এবং গাইবান্ধা, ঝালকাঠি প্রতিনিধি ও নারায়ণগঞ্জ সংবাদদাতা)