সড়ক দুর্ঘটনা দুই জেলায় নিহত ৪
দিনাজপুরের বটতলী মোড়ে বৃহস্পতিবার ও সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের কুড়ালিয়ায় বুধবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। দিনাজপুর: বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বটতলী মোড়ে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। তাঁরা হলেন মুকুল হোসেন (২৭), দ্বারকনাথ বসাক (২৬) ও আতাউর রহমান (২৭)। বাসটি ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে আসছিল এবং মোটরসাইকেলযোগে তিন তরুণ দিনাজপুর থেকে সদর উপজেলার গোপালগঞ্জ এলাকায় যাচ্ছিলেন। ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জনতা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন।সিরাজগঞ্জ: বুধবার বিকেলে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের কুড়ালিয়ায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভটভটিটি রাস্তার পাশে উল্টে যায়। এ ঘটনায় ভটভটির যাত্রী ইসরাফিল (৩০) ঘটনাস্থলেই নিহত হন এবং আরও ছয়জন আহত হন। নিহত ইসরাফিল দত্তবাড়ী পশ্চিমপাড়া গ্রামের কোবাদ হোসেনের ছেলে।