সড়ক দুর্ঘটনা: দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাগহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, নড়াইলের লোহাগাড়া উপজেলার এসএম নাসির উদ্দিন (৪৫) ও তাঁর ভাতিজা নিজামুল হক (৪২)।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদীর পাঁচদোনাগামী একটি বালুবাহী ট্রলির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নাসির ও নিজামুল ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই)‍ চুন্নু শেখ সাংবাদিকদের বলেন, ঘটনার পরপরই ট্রলি নিয়ে পালিয়ে গেছেন চালক। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।