সড়ক দুর্ঘটনা নারী, শিশুসহ নিহত চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত আরও তিন জেলায় স্কুলছাত্রসহ প্রাণ হারিয়েছেন তিনজন। এ নিয়ে গত ১১৬ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়কে প্রাণ গেল ১ হাজার ১৪ জনের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে গতকাল সকালে বাসযোগে বেশ কয়েকজন নির্মাণশ্রমিক জকিগঞ্জে কাজের উদ্দেশে রওনা দেন। বাসটি জকিগঞ্জের খলাছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ইমাম উদ্দিন (২০) ও রুজিনা বেগম (৩০) নামের দুজন মারা যান। এ সময় আহত হন আরও অন্তত ২৫ যাত্রী। তাঁরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত দুজনের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

নীলফামারীতে গতকাল সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাটে ট্রাকের চাপায় রফিকুল ইসলাম (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে কাজীরহাটের কাজী আবদুর রশিদ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও জেলা সদরের সুবর্ণখুলি শিমুলতলা গ্রামের আবদুল জব্বারের ছেলে। ট্রাকচালক ও তাঁর সহকারীকে আটক করেছে এলাকাবাসী। বাইসাইকেলে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রফিকুল দুর্ঘটনার শিকার হয়।

নাটোরের বনপাড়া-ওয়ালিয়া সড়কে গতকাল সকালে প্রাণ কোম্পানির পণ্যবাহী নছিমন উল্টে এর নিচে চাপা পড়ে নিহত হন মিন্টু সরকার (৩৫) নামের একজন সরবরাহকারী। লালপুরের ধুপইল বাজার থেকে পণ্য নিয়ে বিভিন্ন দোকানে সরবরাহের জন্য বনপাড়ার দিকে যাচ্ছিলেন তিনি।

নরসিংদীর রায়পুরায় গতকাল ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের চালক আবুল হোসেন (৪৫) নিহত হন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের ভৈরবের শম্ভুপুর গ্রামে। তাঁর সহকারী ও অন্য ট্রাকের চালককে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।