সড়ক দুর্ঘটনা নিহত ৩, আহত ২
মৌলভীবাজারের বড়লেখায় গতকাল শনিবার পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে চালকসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হচ্ছেন বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের মুদতপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে চুনু মিয়া (৩৫), কুলাউড়া উপজেলার ভালাইমা খাসিয়া পানপুঞ্জির মৃত কিং খাসিয়ার ছেলে এলজন খাসিয়া (৩০) ও অটোরিকশার চালক জুনেদ আহমদ (১৮)। জুনেদ পৌর শহরের মহুবন্দ গ্রামের মৃত শাদত আলী ওরফে কলা মিয়ার ছেলে।দুর্ঘটনায় অটোরিকশার আহত যাত্রী জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান গ্রামের আবদুল গফুরের ছেলে নোমান আহমদকে (৩২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে বড়লেখা-কুলাউড়া সড়কের নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সামনে একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী চুনু মিয়া ও এলজন খাসিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় চালক জুনেদ আহমদকে সিলেটে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করেছে।