সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবাদ করার কিছু নেই: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবাদ করার কিছু নেই। কেননা, দুর্ঘটনা দুর্ঘটনাই (অ্যাকসিডেন্ট ইজ অ্যাকসিডেন্ট)।জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে গতকাল বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পত্রপত্রিকায় লেখা হয়, দুর্ঘটনায় নিহত হয়েছে। দুর্ঘটনা নিয়ে প্রতিবাদ করার কারণ নেই; দেখতে হবে কাউকে হত্যা করা হয়েছে কি না। তিনি বলেন, ‘কেউ ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটালে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আর সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে আমাদের কিছু করার নেই।’সড়ক দুর্ঘটনা নিয়ে সৈয়দ আশরাফের এই বক্তব্যের প্রতিবাদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাংসদ তারানা হালিম বলেন, ‘সড়ক দুর্ঘটনা নিছকই একটি দুর্ঘটনা নয়। সতর্ক হলে যা এড়ানো যায়, তা দুর্ঘটনা নয়। আইনেও আছে, কারও অবহেলার জন্য মৃত্যু হলে তা ৩০৪ ধারায় হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয়। তাই সব সড়ক দুর্ঘটনাকে কেবল দুর্ঘটনা বলা যায় না। এ কথার প্রতিবাদ জানাতেই আমি কথা বলতে দাঁড়িয়েছি।’ফজলুল আজিম বলেন, সড়ক মেরামতের জন্য অপেশাদার ও দলীয় লোকদের কাজ দেওয়া হচ্ছে। এর সঙ্গে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাও জড়িত। এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান তিনি।