সড়ক দুর্ঘটনা পাঁচ জেলায় স্কুলছাত্রসহ ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা, চট্টগ্রাম, ঝালকাঠির রাজাপুর, জামালপুরের মেলান্দহ ও পাবনার বেড়ায় গত রোববার সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ ছয়জন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গার মনসুরাবাদে গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এনায়েত হোসেন (২৪) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি নগরকান্দার কাইচাল ইউনিয়নের পাঁচ কাইচাল গ্রামে। দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের আরোহী হিরু মাতুব্বরকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি নগরকান্দার পোড়াদিয়া বালিয়া গ্রামে।চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের শোলকবহর এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। রোববার রাত সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সদস্য হাশেম দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে একটি যাত্রীবাহী টেম্পো উল্টে শফিকুল ইসলাম (২২) নামে এক যাত্রী নিহত হন। রোববার দুপুরে কাঁঠালিয়া-রাজাপুর সড়কের আঙ্গারিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়। জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ বেইলি সেতুর কাছে বাসচাপায় আবদুল গণি (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস আবদুল গণিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর বাড়ি মালঞ্চ গ্রামে। স্থানীয় লোকজন দুর্ঘটনার পর দুই ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। বেড়া (পাবনা): পাবনার বেড়ায় রোববার স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী নামের এক ছাত্র নিহত হয়েছে। সে বেড়া পৌর এলাকার বনগ্রাম দক্ষিণ মহল্লার সাচ্চু মিয়ার ছেলে এবং আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। জানা গেছে, মেহেদী মামার সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। সকাল সাতটার দিকে বেড়া কলেজের সামনের সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে মেহেদী গুরুতর আহত হয়। তাকে বেড়া হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।