সড়ক দুর্ঘটনা: প্রতিবাদে বন্ধুসভার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামের রেজীর মোড়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ও ঘটনায় হতাহতদের সমবেদনা জানাতে গতকাল বুধবার দুপুরে দুর্ঘটনাস্থলে মানববন্ধন করেছে নাটোর বন্ধুসভা। এতে বন্ধুসভার সদস্য ছাড়াও কমপক্ষে সাড়ে তিন শ শিক্ষার্থী অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন শুরু হয়ে বেলা একটায় শেষ হয়। রেজীর মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উত্তর পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এই মানববন্ধন হয়। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া সদস্যদের হাতে ছিল দুর্ঘটনাবিরোধী একাধিক ব্যানার। বন্ধুসভার উদ্যোগকে সমর্থন জানাতে দুর্ঘটনাস্থলের পাশের বড়াইগ্রাম বালিকা উচ্চবিদ্যালয় ও বড়াইগ্রাম বিএম কলেজের ৩৫০ শিক্ষার্থী ও শিক্ষকেরা মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তব্য দেন বড়াইগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান প্রামাণিক, সহকারী প্রধান শিক্ষক নীলিমা রানী সরকার, সহকারী শিক্ষক নুরুল হুদা, আহম্মেদ আলী, মাহমুদা খাতুন, বিএম কলেজের প্রভাষক মজিবর রহমান, ফরহাদ হোসেন, বেসরকারি সংগঠন পিএসকেএসের নির্বাহী প্রধান জাকির হোসেন ও জননী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাসানুর মান্না, বন্ধুসভার সদস্য মাহতাব হোসেন, সজল আলী, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।