সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বোর্ড গঠনের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা)। একই সঙ্গে হাইওয়ে পুলিশের কার্যক্রম বৃদ্ধি এবং দুর্ঘটনা-পরবর্তী দ্রুত চিকিৎসার জন্য ট্রমা সেন্টার চালুরও দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির খাজা নিজামুদ্দিন মিলনায়তনে নিসচার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন নিরাপদ নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, হাইওয়ে পুলিশ সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। তাদের মামলা নেওয়া ও তদন্ত করার ক্ষমতা দিতে হবে।
দুর্ঘটনা-পরবর্তী দ্রুত চিকিৎসার জন্য সংবাদ সম্মেলনে মহাসড়কের প্রতি ১০০ কিলোমিটার পর পর ট্রমা সেন্টার তৈরির দাবি জানানো হয়। বলা হয়, কিছু জায়গায় ট্রমা সেন্টার চালুর জন্য ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু সেবা দেওয়া হচ্ছে না। এগুলো অবিলম্বে চালু করা দরকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সড়ক দুর্ঘটনা রোধে ২০১৫ সালের জানুয়ারি থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ২১টি জেলায় গাড়িচালকদের দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং নিসচা এ প্রশিক্ষণের আয়োজন করবে। সংবাদ সম্মেলনে নিসচার কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
রাস্তা পারাপারসংক্রান্ত পুলিশের অভিযানের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘৪৪ বছর ধরে আমাদের রাস্তার মাঝখান দিয়ে চলাচলের অভ্যাস। কোনো সভ্য জাতি এভাবে রাস্তা পার হতে পারে না। আমাদের ট্রাফিক আইন মেনে চলতে হবে ও মানসিকতা বদলাতে হবে।’
১৯৯৩ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরু হয় নিরাপদ সড়ক চাই আন্দোলনের। সড়ক দুর্ঘটনারোধে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষে৵ ২২ বছর ধরে আন্দোলন করছে সংগঠনটি।