সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিতে নির্দেশ
সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৈঠক শেষে আমির হোসেন বলেন, সড়ক-মহাসড়কে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তা রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া পেশাদার সন্ত্রাসী, চাঁদাবাজ ও দস্যুদের নজরদারিতে আনতে বলা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সংস্থা মাদক নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে তা সফল করতে গণমাধ্যামের সহায়তা চেয়ে মন্ত্রী বলেন, মাদকবিক্রেতাদের ছবি ফলাও করে দেখান।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।