সড়ক দুর্ঘটনা রোধে একজন আরিফুলের সংগ্রাম...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন’, ‘ওভারটেক থেকে বিরত থাকুন’ ইত্যাদি লেখা বিভিন্ন ব্যানার বগুড়া-ঢাকা মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে টানানো। সেখানে গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে আরিফুল ইসলাম নামের এক যুবক হাত উঁচিয়ে যানবাহন থামানোর অনুরোধ করেন। এরপর চালক ও যাত্রীদের মাঝে বিতরণ করেন সচেতনতামূলক নানা স্টিকার।সড়ক দুর্ঘটনা এড়াতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টায় গত বছর থেকে নিজ উদ্যোগে সংগ্রাম চালিয়ে আসছেন আরিফুল (২৬)। নিরাপদ সড়কের দাবিতে গত বছরের জুন মাসে তেঁতুলিয়া থেকে হেঁটে টেকনাফ পর্যন্ত যান তিনি। ইতিমধ্যে দেশের প্রায় ৫১টি জেলা ঘুরে বিভিন্ন যানবাহনের চালক, চালকের সহযোগী ও যাত্রীদের সচেতন করার চেষ্টা চালিয়েছেন আরিফুল। তাঁর বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামে। তিনি নওগাঁর মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের ছাত্র, বিবিএস পরীক্ষার্থী। আরিফুল বলেন, ‘গত ১১ জুলাই মিরসরাই ট্র্যাজেডির খবর পেয়ে আমি আর ঘরে থাকতে পারিনি। সেখানে ছুটে গিয়ে মহাসড়কে চিরকুট বিতরণ করেছি। সম্প্রতি মানিকগঞ্জে ভয়াবহ দুর্ঘটনায় মিশুক মুনির ও তারেক মাসুদের মতো এত বড়মাপের দুজন মানুষ হারিয়ে গেলেন। আমি আবারও পথে নেমে আসি।’ আরিফুল বলেন, এবার তিন বছর ধরে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ৩০০ স্থানে সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে তাঁর। এই প্রচারণার অংশ হিসেবে গতকাল বগুড়া আসেন তিনি।