সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সড়ক পরিবহন আইন দুর্ঘটনা রোধে যথেষ্ট নয়। সড়ক দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়ন করা হচ্ছে। কিশোরগঞ্জের ভৈরবে গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আইনের খসড়া তৈরি হয়েছে। আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদের বৈঠকে তা উত্থাপিত হবে। জাতীয় সংসদের আগামী অধিবেশনে তা উত্থাপন করা হবে। জঙ্গিবাদ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘যারা নির্বাচনে বিশ্বাস করে না এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, তারাই দেশে জঙ্গি উত্থানে সহযোগিতা করছে।’
পরে ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা এলাকায় মহাসড়কের বিপজ্জনক বাঁক পরিদর্শন করেন মন্ত্রী।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, সিলেট যাওয়ার পথে গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ক্ষতিগ্রস্ত শাহবাজপুর সেতু পরিদর্শন করেন সেতুমন্ত্রী।