প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরে এবং দেশের সর্বত্র সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডিইউজেএ) প্রধান উপদেষ্টা আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর দপ্তরে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান।এ সময় প্রধানমন্ত্রী গত মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্কয়ারে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিল্লাল হোসেন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। খবর বাসস ও ইউএনবির।বৈঠককালে প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আসন্ন রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানায়। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন। প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবহিত করে।প্রতিনিধিদলে ছিলেন সাংবাদিক শফিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও এনটিভির বার্তা সম্পাদক রেজোয়ানুল হক, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রাকিব আহমেদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান।