সড়ক দুর্ঘটনা রোধে নাগরিক সচেতনতা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনা হ্রাস, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা হয়েছে। শহরের চাষাঢ়ায় অবস্থিত শহীদ জিয়া হলে গতকাল রোববার সকালে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ।আবুল মকসুদ বলেন, ‘সড়ক নিরাপত্তা বর্তমানে বাংলাদেশে একটি জাতীয় সমস্যা। এ সমস্যা সমাধানের দায়িত্ব সরকারের। তবে সবার আগে দরকার নাগরিকদের সচেতনতা। প্রতিদিনের সড়ক দুর্ঘটনা এখন আমাদের গা-সওয়া হয়ে গেছে। সড়ক দুর্ঘটনায় প্রতিবছর গড়ে ২০ হাজার লোক মারা যাচ্ছে। চালক, পথচারী, যাত্রী, নারী, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের জীবনের অপূরণীয় ক্ষতি ছাড়াও তাঁদের পরিবারগুলো বিপর্যয়ের মুখে পড়ছে। সড়ক দুর্ঘটনার জন্য দায়ী যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্ঘটনার পরে বিক্ষুব্ধ মানুষ আরও অনেক যানবাহন ভাঙচুর করছে। আমাদের দেশে গাড়ি তৈরি হয় না। মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ করে গাড়ি আমদানি করতে হয়। সড়ক দুর্ঘটনায় শুধু মানুষের জীবন নয়, মূল্যবান সম্পদও ধ্বংস হয়, যা আমাদের জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর। সড়ক দুর্ঘটনারোধে রাষ্ট্রের যথাযথ উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা বাড়াতে হবে। নিরাপদ সড়কের জন্য চালক, পথচারী, যাত্রীসহ সবাইকে সচেতন হতে হবে।’বিআরটিএর আঞ্চলিক অফিস আয়োজিত ওই সভায় বক্তব্য দেন বিআরটিএর পরিচালক (প্রশাসন) তপন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসানুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মাহাদী হাসান, বিআরটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক (প্রকৌশল) খাইরুজ্জামান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিউদ্দিন প্রধান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি রিপন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি সামসুজ্জামান প্রমুখ।